মহেশখালী প্রতিনিধি
মহেশখালীর সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়া মায়ের দোয়া ও রিফাত নামে ২টি মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় জলদস্যুর গুলিতে ৪ জন জেলে গুলিবিদ্ধিসহ ১৩জন জেলে আহত হয়েছেন বলে জানান ট্রলার মালিক।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১ টায় সোনাদিয়া চ্যানেলের বঙ্গোপসাগরের মোহনা গুলদিয়া নামক স্থানে জেলেরা জলদস্যুদের কবলে পড়ে।
এসময় জলদস্যুরা দুই ট্রলারের প্রায় ৫ লাখ টাকার মাছ সহ ট্রলারের ইঞ্জিন ও বরশি লুট করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ডাকাতের শিকার ট্রলার মালিক আমির হোছেন বলেন, জলদস্যুদের আত্মসমর্পণের পরে কিছুটা সাগরে ডাকাতি বন্ধ থাকলেও বর্তমানে সাগর আবারো অনিরাপদ হয়ে উঠেছে। মাছ ধরার মৌসুম অনুযায়ী জেলেরা সাগরে মাছ ধরতে যায়। গতকাল মাছ ধরতে যাওয়া তেমনই তার একটি ট্রলারসহ আরেকটি ট্রলার ডাকতির শিকার হয়। এতে প্রায় ৫ লাখ টাকার মাছ, ট্রলারের ইঞ্জিন মালামাল লুট এবং জেলেরা গুলিবিদ্ধ হয় বলে জানান তিনি।
পরে খবর পেয়ে কক্সবাজার জেলা পুলিশের একটি টিম আহতদের উদ্ধার করে। উদ্ধারকৃতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, মোঃ সোলতান, ছালামত উল্লাহ, বাঁশি মাঝি, জাগির হোসেন, নছর উল্লাহ, শামসু আলম,জাহাঙ্গীর আলম, মোঃ তারেক, সাকের উল্লাহ,মোঃ হোছন,মনছুর আলী,আনজু মিয়া,আলী মাঝি। এরা সবাই মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের বাসিন্দা। এদের মধ্যে আহত বাঁশি মাঝির অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
আহত জেলেদের প্রাথমিক তথ্যমতে জলদস্যুরা বাঁশখালী, কুতুবদিয়া ও মহেশখালীর বলে ধারণা করা হচ্ছে।