কক্সবাজারের রামুতে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরের পর রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি-উমখালী সড়কের একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজারগামী একটি ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।
নিহতরা হলেন, কাইম্যার ঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (৩০), তার বোন কাসফিয়া (২০), কাসফিয়ার ১৮ মাস বয়সি শিশুকন্যা এবং রুবেলের শিশুকন্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে দক্ষিণ মিঠাছড়ি থেকে রাজারকুলের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। কাসফিয়া ঘটনাস্থলেই মারা যান। অন্য তিনজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থলের রেলক্রসিংটি অরক্ষিত। সেখানে কোনো গেট বা গেটম্যান নেই। পাশাপাশি সড়কের দুই পাশে বড় বড় গাছ থাকায় ট্রেন আসার বিষয়টি সহজে দেখতে পান না চালকরা।
রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা হতাহত হন।