• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৩ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারের টেকনাফ থেকে সমুদ্রে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে গভীর সাগরে ভাসছিল একটি ফিশিং বোট। বিপদে পড়ে এক জেলে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বরে ফোন করেন। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্টগার্ড সূত্র জানায়, গত ২৫ সেপ্টেম্বর ‘এফভি রিফাত’ নামের ফিশিং বোটটি ১৩ জন জেলেকে নিয়ে টেকনাফ থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়। পরদিন মাছ আহরণ শেষে ২৮ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে কূলে ফেরার পথে সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে ভাসতে থাকে বোটটি।

এ সময় বোটে থাকা এক জেলে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল দিয়ে সহায়তা চান। খবর পাওয়া মাত্রই দ্রুত উদ্ধার অভিযান শুরু করে কোস্টগার্ড।

অভিযানের অংশ হিসেবে গভীর সমুদ্রে টহলরত কোস্টগার্ড জাহাজ বিসিজিএস ‘সৈয়দ নজরুল’ দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হয়। একপর্যায়ে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে বিকল হয়ে ভাসতে থাকা বোটটির সন্ধান পায় উদ্ধারকারী দল। সেখান থেকে বোটসহ ১৩ জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। পরে ফিশিং বোটসহ জেলেদের বোট মালিকের জিম্মায় হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সমুদ্রে বিপদে পড়া জেলেদের জরুরি সহায়তা প্রদান ও উদ্ধারে কোস্টগার্ডের এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন