টেকনাফ প্রতিনিধি:
টেকনাফে মাদক ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি দিলেন কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। তিনি বলেন,মাদকের বিরুদ্ধে কারো কোনো তদবির চলবে না। কারো সুপারিশ শোনা হবে না। না।এসময় টেকনাফকে মাদক মুক্ত করার ঘোষণা দেন তিনি।
শনিবার (১২ মার্চ) টেকনাফ মডেল থানা প্রাঙ্গনে ওপেন হাউজ ডে’ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মাদক ব্যবসায়ীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, মাদক ছাড়ো, না অথবা টেকনাফ ছাড়ো। নতুবা আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে ।
মো.হাসানুজ্জামান আরো বলেন, মাদক ব্যবসা চলমান রাখার জন্য রোহিঙ্গাদের কিছু লোক ক্যাম্পের বাহিরে আশ্রয় দিয়েছে। যার কারণে মাদক প্রতিরোধ সম্ভব হচ্ছে না। তবে এসব রোহিঙ্গাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। মাদক কারবারিদের আর ছাড় দেয়া হবে না।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ) সার্কেল শাকিল আহমেদ বিপিএম, টেকনাফ পৌর মেয়র হাজি মুহাম্মদ ইসলাম, টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মাস্টার জাহেদ হোসেন, সহ-সভাপতি এমএ জহিরসহ প্রমুখ।