কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে অবৈধ করাতকলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, প্রায় ২ লাখ ঘনফুট বালু জব্দ এবং দুই ব্যক্তিকে ২ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে সন্দেহজনকভাবে আটক ২৫টি মহিষের বৈধ কাগজপত্র যাচাই শেষে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে এসব অভিযান চালানো হয়।
অভিযানের প্রথমে ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া বাজারসংলগ্ন এলাকায় অবৈধভাবে কাগজপত্র ও লাইসেন্সবিহীন করাতকল পরিচালনার দায়ে মো. শাহ আলমকে (৪০) করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ওই সময় জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়। একই সাথে করাতকলের দুটি সচল মেশিন জব্দ করে ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহমুদুল হাসান মিনারের জিম্মায় দেয়া হয়।
এদিকে, কালিরছড়া বাজার এলাকায় সন্দেহজনকভাবে ২৫টি মহিষ আটক করা হয়। পরে মহিষের মালিকদের জানানো হলে তাঁরা প্রয়োজনীয় বৈধ কাগজপত্র উপস্থাপন করেন। কাগজপত্র যাচাই-বাছাই করে বৈধতা নিশ্চিত হওয়ার পর আটক মহিষগুলো মালিকদের কাছে বুঝিয়ে দেয়া হয়।
অভিযানের দ্বিতীয় পর্যায়ে ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া ভুতিয়ারপাড়া কানচিরা ঘোনা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ২ লাখ ঘনফুট বালুর স্তূপ জব্দ করা হয় এবং তা ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়।
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কালিরছড়া ৫নং ওয়ার্ড এলাকার বাসিন্দার মমতাজ আহমদের ছেলে কাইয়ুম উদ্দিনকে (৪০) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধিত ২০২৩)-এর সংশ্লিষ্ট ধারায় ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এই জরিমানার অর্থও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে ঈদগাঁও থানা-পুলিশের সদস্য, আনসার সদস্য, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গ্রামপুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
ঈদগাঁও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদগাঁও উপজেলাবাসীর স্বার্থ সংরক্ষণ, অবৈধ কার্যক্রম প্রতিরোধ এবং পরিবেশ রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।