মহেশখালী প্রতিনিধি:
মহেশখালীতে নিরাপত্তাহীনতায় ভুগছে মুক্তিযোদ্ধা আবু জাফর ছিদ্দিকীর পরিবার। আবু জাফরের ছেলে মনোয়ার কাইছার সিদ্দিকী রুবেল হত্যার এক সপ্তাহ অতিবাহিত হলেও এখনো গ্রেপ্তার হয়নি মূল আসামীর কেউই। উল্টো আসামীদের হুমকির মুখে বড়মহেশখালী জাগিরাঘোনায় নিজ বাড়ি থেকে সরে কালারমারছড়ায় বসবাস করছে ভুক্তভোগী পরিবারটি।
মামলা সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিষয়ে গত ২৪ জুন নিজ বাড়িতে প্রতিপক্ষের লোকজনের হাতে আহত হয়ে পরের দিন ২৫ জুন সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মুক্তিযোদ্ধা আবু জাফর ছিদ্দিকির পুত্র মনোয়ার কাইছার সিদ্দিকী রুবেলের মৃত্যু হয়।
পরে নিহতের ছোট ভাই মো. সরওয়ার কায়সার সোহেল বাদী হয়ে ঘাতক মো. সিরাজ, আলম পাশা, মোঃ নাছির, জাহাঙ্গীর আলম, শাহ আলম, আবু বক্কর, মোঃ রাশেদ সহ মোট ১৬ জনকে আসামী করে মহেশখালী থানায় হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-১৮।
নিহতের পিতা মুক্তিযোদ্ধা আবু জাফর ছিদ্দিকী জানান, পুত্র হত্যার সাত দিন পরও মূল আসামীদের গ্রেপ্তার করেনি পুলিশ। উল্টো ২৭ জুন মোটর সাইকেল নিয়ে খুনিরা বাড়ি এসে মামলা তুলে নেয়ার হুমকি দিয়ে গেছে। আসামীদের হুমকির মুখে বর্তমানে পরিবার নিয়ে কালারমারছড়ায় বসবাস করছে বলে জানান।
মামলার বাদী সোহেল জানান, ঘটনার পর থেকে আসামীরা প্রকাশ্যে বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করছে এবং হুম দিচ্ছে। আসামীরা চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী এবং প্রভাবশালী হওয়ায় পরিবার নিয়ে হুমকিতে আছি।
এই ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বাবুল আজাদ বলেন, হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি অভিযান চালানো হয়েছে। দ্রুত আসামীদের গ্রেপ্তার করা হবে।