জয়নাল উদ্দিন:
কক্সবাজার সদরে অনুমোদনহীন ইট ভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কক্সবাজার সদরের ঈদগাঁওয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আরকেসি ব্রিকস ও দিবা ব্রিকস নামে দুটি অবৈধ ইটভাটার মালিকদের এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনুমোদনহীন, লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা না করার জন্য মালিকদেরকে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকারিয়া। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মো: জিল্লুর রহমান, পরিবেশ অধিদফতর, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। অবৈধ ইটভাটার বিরুদ্ধে কক্সবাজারের পরিবেশ অধিদফতর থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।