পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় দুই বনরক্ষীকে মারধর করে জব্দ করা গাছ লুটের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে বারবাকিয়া বনবিট কর্মকর্তা মো. আমির হোসেন গজনবী বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।
এতে বারবাকিয়া ইউনিয়নের ঘোনার আগা এলাকার আকতার হোসেনের ছেলে আমজাদ হোসেন, একই এলাকার জাফর আহমেদের ছেলে নুরুল আবছার ও কাটা মোড়া এলাকার মৃত ছৈয়দ নুরের ছেলে এনামসহ অজ্ঞাত ২-৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার রাতে অভিযান চালিয়ে বেশকিছু চোরাই গাছ জব্দ করেন বারবাকিয়া বনবিট কর্মকর্তা মো. আমির হোসেন গজনবী। গভীর রাতে তিনি গাছগুলো বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কার্যালয় প্রাঙ্গণে এনে রাখেন। ভোররাতে এসব গাছ লুটের চেষ্টা চালায় সংঘবদ্ধ সন্ত্রাসীরা। এসময় বাধা দিলে বনরক্ষী সামিউল ইসলাম সিয়াম ও গাজী ফয়সালকে বেধড়ক পিটিয়ে জখম করা হয়।
অভিযোগকারী বনবিট কর্মকর্তা মো. আমির হোসেন গজনবী বলেন, সন্ত্রাসীরা বনরক্ষীদের মারধর করে দুই লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির দেড়শ ফুট গাছ লুট করে নিয়ে যায়। পরে আমরা বনরক্ষীদের উদ্ধার করে চিকিৎসা দেই।
বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, বনরক্ষীদের মারধর করে বনবিভাগের কার্যালয় থেকে গাছ লুটের ঘটনা খুবই হতাশাজনক। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ায় সন্ত্রাসীরা আমাদের হত্যার হুমকি দিচ্ছে।
এব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, বনবিভাগের অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।