ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজার শহরের একটি হোটেলের রুমে বসে ইয়াবা গুণে গুণে প্যাকেট করছেন । দেখে নিচ্ছেন আসল না নকল । পাশে বসে আছে আরো বেশ কয়েকজন। একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। প্যাকেট করা হলেই দ্রুত তুলে দেয়া হবে পাইকারী ক্রেতাদের হাতে। পাইকারের হাত ধরে পৌঁছানো হবে সমগ্র দেশে। এভাবেই নিত্য কোটি টাকা ইয়াবার হাত বদল করেন মহেশখালী মাতারবাড়ির পশ্চিম সিকদার পাড়া এলাকার আব্দু শুক্কুর।
শুক্কুর মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম সিকদার পাড়া (সাবেক মহিলা মেম্বারের বাড়ী) এলাকার মকবুল আহমদের ছেলে। ওপেন সিক্রেট ইয়াবা ব্যবসায়ী শুক্কুর এখন টাকার কুমির। ইয়াবা ব্যবসা আড়াল করতে সম্প্রতি কক্সবাজার জেলা প্রশাসনের এলএ শাখায় মধ্যস্ততাকারী হিসেবে কাজ করেন তিনি।
ইয়াবা গুনার ভিডিও নিজের ও এলএ শাখায় কাজ করার কথা স্বীকারও করেছেন তিনি।
স্থানীয়দের দাবি, ইয়াবা ব্যবসা করে শুক্কুর এখন অঢেল টাকার মালিক। অথচ বছর পাঁচেক আগেও লবন ব্যবসা করে মোটামুটিভাবে সংসার চালাতেন তিনি।
মাতারবাড়ি এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আব্দু শুক্কুর নিজের ভাগ্য বদলাতে লবন ব্যবসার আড়ালে নেমে পড়েন ঘৃণ্য মাদক ইয়াবা ব্যবসায়। গড়ে তুলেন নিজস্ব ইয়াবা সিন্ডিকেট। এ সিন্ডিকেটের সদস্যরা দেশের বিভিন্ন স্থান থেকে উড়তি বয়সের যুবকদের ব্যবহার করেন। মাতারবাড়িতে ইয়াবা ব্যবসার বিষয়টি জানাজানি হলে এলাকা ছেড়ে কক্সবাজারে শহরে বসবাস শুরু করেন। যেখানে সিন্ডিকেট সদস্যদের নিয়ে জমিয়ে তুলেন মাদক ব্যবসা।
স্থানীয়দের দেয়া তথ্য মতে, মাতারবাড়ী নতুন বাজার এলাকার ১নং ওয়ার্ডের নুরুল আলমের ছেলে কাউসার ও ৪নং ওয়ার্ডের মনখালীপাড়ার কাছিম আলীর ছেলে মাহমুদুল হক তার সিন্ডিকেট সদস্য। শুরুতে এ সিন্ডিকেট সদস্যরা লবন বোঝাই ট্রলারে করে ইয়াবা চালান মাতারবাড়ী থেকে চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় পৌঁছে দিতো। ২০১৫ সালে তার পার্টনার কাউসার ইয়াবার বড় চালান নিয়ে ঢাকায় ধরা পড়ার পরপরই আত্মগোপনে চলে যান শুক্কুর। ২০১৭ সাল থেকে কক্সবাজার শহরের বঙ্গবন্ধু সড়কের একটি হোটেলে কক্ষ ভাড়া নিয়ে ইয়াবা ব্যবসা পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন শুক্কুর। বর্তমানে লালদীঘি এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন বলে জানিয়েছেন দায়িত্বশীল একটি সূত্র।
ভিডিওতে ইয়াবা গুনার কথা স্বীকার করে আব্দু শুক্কুর বলেন, এটি এক বছর আগের ভিডিও। অনেক সাংবাদিক ম্যানেজ করেছি। যারা লিখেছেন আমি প্রতিবাদও দিয়েছি। ভিডিও নিয়ে সংবাদ প্রচার করলে আমি আইনগত ব্যবস্থা নিবো।
ছয় বছর ধরে এলএ শাখায় কাজ করেন বলে দাবি করেন তিনি বলেন, আমার পরিবারের অনেক জমি অধিগ্রহণ করেছে সরকার। এসব জমির টাকা উত্তোলনে কাজ করছি আমি।
জানতে চাইলে মাদকদ্রব্য অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন বলেন, শুক্কুরের ইয়াবা ব্যবসার তথ্যটি আমাদের হাতে নেই। ভিডিওটি দেখে তাকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।