মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীতে হেলাল উদ্দিন নামে এক শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে মহেশখালীর চালিয়াতলী টু মাতারবাড়ি সংযোগ সড়কে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেল ৫টায় প্রধান সড়কের চালিয়াতলী-মাতারবাড়ী সড়ক এলাকায় যান চলাচল বন্ধ করে দেয় সিএনজি, ম্যাজিক গাড়ি ও পিকআপ পরিবহন শ্রমিকরা। অবরোধে সড়কের দুই কিলোমিটার জুড়ে যানজট তৈরি হয়। অনেকে পায়ে হেঁটে মাতারবাড়ীর গন্তব্যে পৌঁছেন। পরে রাত ৭ টায় শ্রমিকদের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ।
আহত হেলাল উদ্দিন (৪২) উপজেলার কালারমারছড়া নলবিলা গ্রামের মৃত নজু মিয়ার ছেলে।
পরিবহন শ্রমিকরা অভিযোগ করে জানান, প্রতিদিনের মত লাইনম্যানের সাথে আলাপ করতে মাতারবাড়ী সিএনজি স্টেশনে যান শ্রমিক নেতা হেলাল উদ্দিন। এসময় স্থানীয় এক প্রভাবশালীর ইন্ধনে শাহেদ নামে এক যুবকের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একদল লাঠিয়াল বাহিনী তাকে গালিগালাজ করেন। পরে তাকে মারধর করে রক্তাক্ত ও জখম করে বলে জানিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। উক্ত ঘটনায় উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেন।
পরে খবর পেয়ে মহেশখালী থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে মারধরের ঘটনায় পৃথকভাবে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হাই। তিনি বলেন, একজন গাড়ি লাইনের শ্রমিককে মারধর করার বিষয়টি শুনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঠানো হয়েছে। রাত ৭টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।