নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের মহেশখালী ও সদরের খরুশকুলে পৃথক ঘটনায় দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এদের মধ্যে পূর্ব শক্রতা এবং বাড়ির সীমানা বিরোধের জেরে হত্যা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত সেলিম উদ্দিন।
পুলিশ জানায়, সদরের খুরুশকুলে সীমানা বিরোধ নিয়ে কথা কাটাকাটির জেরে আব্দুল গফুর (৩৫) নামের এক জেলেকে পিঠিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে ইউনিয়নের পেচার ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের আব্দুল গফুরের স্ত্রী তরিকা বেগম বলেন, সাগরে মাছ ধরার উদ্দেশ্য যাওয়ার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাঁর স্বামীকে পিটিয়ে হত্যা করছে নুর আহমেদ ও তার পরিবারের লোকজন।
অন্যদিকে, মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এলাকায় প্রতিপক্ষের এলোপাতাড়ি কোপে মৌলভি জিয়াউর রহমান নামের এক ব্যক্তিকে খুন করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো কয়েকজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাজিয়াকাটা এলাকার স্থানীয় মাদুস্ব্যবরো গোষ্ঠী ও লালাব্বরো গোষ্ঠীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় তাজিয়াকাটা সোমাইয়া দাখিল মাদ্রাসা এলাকায় পূর্ব বিরোধের জেরে বিবাদমান দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের লোকজনের এলোপাতাড়ি হামলা ও দায়ের কোপে মৌলভি জিয়াউর রহমান রক্তাক্ত আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে মহেশখালী হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী। তিনি বলেন, প্রতিপক্ষের লোকজনের হামলায় একজন নিহত হয়েছে।
এ ঘটনায় নিহত মৌলভী জিয়াউর রহমানের স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে মহেশখালী হাসপাতালে অনা হয়, পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় কক্সবাজার হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।