• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

কক্সবাজারে ফের ইয়াবা লুট করেছে মিজানের সহযোগীরা

নিজস্ব প্রতিদেক / ১০৬৫ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০
ফাইলা ছবি

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার শহরে এক কোটি পিচ ইয়াবা ট্যাবলেট লুটের ঘটনায় মিজান নামে একজন কারবারি বন্ধুকযুদ্ধে মারা যাওয়ার পরপরেই আবারও ইয়াবা লুটের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এবার ইয়াবা ট্যাবলেট লুটের ঘটনাটি ঘটেছে কক্সবাজার সদরের ঝিলংজা বাংলাবাজার ষ্টেশনে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১১ টার দিকে প্রায় এক লাখ পিচ ইয়াবা লুটের ঘটনা নিয়ে ওই এলাকায় দিনভর তোলপাড় চলছে। দুপুর থেকে ইয়াবা লুটের বিষয় নিয়ে বাংলাবাজার এলাকায় তোলপাড় চলার বিষয়টি নিশ্চিত করেছেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সোলতান।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, বাংলাবাজার ও পিএমখালী এলাকা কেন্দ্রিক একটি ইয়াবা সিন্ডিকেট রয়েছে। ওই সিন্ডিকেটের দুই সদস্য পিএমখালী এলাকার করিম ও উখিয়া কোটবাজার এলাকার হেলাল সোমবার সকাল ১১ টার দিকে বাংলাবাজার ষ্টেশনে আসে।

এসময় তাদের কাছে একটি পলিথিনে প্রায় ১ লাখ পিচ ইয়াবা ট্যাবলেটও ছিল। ইয়াবা ট্যাবলেটের বিষয়টি নিশ্চিত হয়ে বাংলাবাজার এলাকার খোরশেদুল হক, দালাল বশির, জাহাঙ্গীর আলম ও শাহাজাহানের নেতৃত্বে ওই দুইজনের ওপর হামলা চালিয়ে ইয়াবা গুলো ছিনিয়ে নেন। ইয়াবা ছিনিয়ে নেওয়ার পর করিম ও হেলালকে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয় ইয়াবা ব্যবসায়ী দাবী করে। এরপর কৌশলে পালিয়ে যেতে সহযোগিতা করা হয় হেলাল ও করিমকে।

এবিষয়ে ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সোলতান বলেন, সকালে বাংলাবাজার এলাকায় খোরশেদুল হক ও জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ইয়াবা ট্যাবলেট লুটের ঘটনা ঘটেছে বলে শুনেছি। পরে বিষয়টি খোঁজ নিয়ে দেখি; লুটের ঘটনা সত্য। এর আগেও খোরশেদুল হকের নেতৃত্বে বাংলাবাজার এলাকায় ইয়াবা লুটের ঘটনা ঘটেছিল। তাদের একটি সিন্ডিকেটও রয়েছে। ওই সিন্ডিকেটের বেশ কয়েকজন হত্যাসহ বিভিন্ন মামলার পলাতক আসামী।

ঘটনার বিষয়ে কক্সবাজার সদর থানার ওসি অপারেশন মাসুম খান বলেন, ইয়াবা ছিনিয়ে নেওয়ার বিষয়টি আমাদের কেউ অবগত করেনি। ঘটনাটি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজার সদর থানার ওসি তদন্ত খায়রুজ্জামান বলেন, ইয়াবার বিষয়টি খোঁজ নিয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। যদি ঘটনা সত্য হয় তাহলে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

জানা গেছে, হেলাল একজন চিহ্নিত ইয়াবা কারবারি। টেকপাড়ার হাঙরপাড়া থেকে ৩৬ হাজার ইয়াবাসহ মামুন নামে একজন গ্রেপ্তারের ঘটনায় হেলাল পলাতক আসামী। তার স্ত্রী কাসপিয়া ও তাদের নিকটাত্মীয় নাছির মিয়া মূলত তাদের সিন্ডিকেটের প্রধান। বর্তমানে কাসপিয়া ও নাছির মিয়াও পলাতক।

স্থানীয়রা জানান, খোরশেদুল হক, দালাল বশির, জাহাঙ্গীর আলম ও শাহাজাহানের সাথে সখ্যতা ছিল বাঁকখালী নদীর মাঝিরঘাটের আলোচিত ইয়াবা লুটের মূলহোতা মিজানের। প্রায় সময় মিজানের যাতায়াত ছিল সেখানে। ইয়াবা লেনদেন নিয়ে মিজানের সাথে সেখানে কয়েকবার ঘটনাও ঘটেছিল।

প্রসঙ্গগত, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি কক্সবাজার শহরের মাঝির ঘাট এলাকা থেকে এককোটি ইয়াবা লুটের ঘটনা ঘটেছিল। লুটের ঘটনাটি ১৮ ফেব্রুয়ারি সংবাদ প্রকাশিত হয়।

এরপর পুলিশ ঘটনা নিয়ে তদন্ত করে লুট হওয়া দুই লাখ ইয়াবাও উদ্ধার করেছিল। আটক করেছিল বেশ কয়েকজন আসামীকে। ওই ইয়াবা লুটের মূলহোতা টেকপাড়া এলাকার মিজান সম্প্রতি (২০ জুলাই) পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। উদ্ধার করা হয়েছিল ১০ হাজার ইয়াবা ও বন্দুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন