• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

স্বাধীন ট্রাভেলস এর চেয়ারম্যানের জমি দখলে মরিয়া সিন্ডিকেট

নিজস্ব প্রতিদেক / ৫৭০ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

স্বাধীন ট্রাভেলস এর চেয়ারম্যান ও কক্সবাজার চেম্বার অব কমার্সের পরিচালক এইচ এম নুরুল আলম প্রকাশ এন আলমের জমি দখলে মরিয়া হয়ে উঠেছে পিবিআই’র জমি অধিগ্রহণে অনিয়ম দুর্নীতিতে জড়িত সিন্ডিকেটটি। একই সাথে রামুর চাকমারকুল ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতির কারণে একটি সংঘবদ্ধ চক্রও তাতে ইন্ধন দিচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশনের (পিবিআই) অফিস ভবন নির্মাণে কক্সবাজারের কলাতলীতে ঝিলংজা মৌজায় প্রায় এক একর জমি অধিগ্রহণ করা হয়। কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার এল.এ ০৪/২০১৮-১৯ মামলা মূলে বি.এস ১৭০৫০, ২০৩০৭, ২০৩০৬ ও ২০১৬৩ দাগের জমি। জমিটি অধিগ্রহণে ইদ্রিস সিআইপি, নুরুল হক ও বেলায়েতের নেতৃত্বে একটি সিন্ডিকেট গড়ে উঠে। সিন্ডিকেটটি প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজসে ভুয়া কাগজপত্র দেখিয়ে এবং অন্যের জমি নিজেদের দখল দেখিয়ে নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে প্রায় ২৮ কোটি টাকা আত্নসাৎ করে। এ ক্ষেত্রে জমির প্রকৃত মালিক ও দখলদাররা ক্ষতিপূরণের কোন টাকা পাননি।

ভূক্তভোগীরা জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে অভিযোগ করেও কোন প্রতিকার পাননি। যার কারণে ৫ জন ভূক্তভোগী আদালতের আশ্রয় নিয়েছেন। তারা আদালতের কাছে তাদের জমি এবং ক্ষতিপূরণের টাকা আদায়ে ন্যায় বিচার চেয়েছেন। এরমধ্যে নুরুল আলম নামের এক ভূক্তভোগী সিন্ডিকেটটির বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় মামলা দায়ের করলে আদালত তা আমলে নেয়। যা এখন তদন্তের পর্যায়ে আছে। অন্য ৫ জন ভূক্তভোগীর মধ্যে জমির মালিক ও দখলদার হিসেবে এইচ এম নুরুল আলমও একটি মামলা দায়ের করেছেন।

অধিগ্রহণকৃত জমির সীমানায় স্বাধীন ট্রাভেলস এর সাইনবোর্ড সম্বলিত বিভিন্ন স্থাপনাসহ এন আলম জমিতে এখনও দখলদার হিসেবে অবস্থান করছেন। তার জমির কিছু অংশ সিন্ডিকেটটি অধিগ্রহণে ঢুকিয়ে দিয়ে টাকা তুলে নিয়েছে। ন্যায় বিচারের দাবীতে তিনি মামলা ও বিভিন্ন তদবির শুরু করলে ক্ষিপ্ত হয় অনিয়ম দুর্নীতিতে জড়িত সিন্ডিকেটটি। তারা এখন এন আলমের জমি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছেন। বিভিন্ন মিডিয়ায় মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালিয়ে এবং বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে জমি থেকে উচ্ছেদ করতে অপচেষ্টা চালাচ্ছে।

মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে ইতিমধ্যেই ঢাকায় সাইবার ট্রাইব্যুনালে মামলা ও খিলগাও থানায় সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে। এদিকে সিন্ডিকেটটির সাথে রামু চাকমারকুলের একটি সংঘবদ্ধ চক্র জড়িয়ে পড়েছে। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এন আলম দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক কর্মকান্ড, ত্রাণ বিতরণ ও সাধারণ মানুষের সেবামূলক কাজে সময় দিয়ে আসছেন। এতে সাধারণ মানুষের দাবীর মুখে তিনি আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন। যার কারণে স্বার্থান্বেষী একটি মহল সংঘবদ্ধ হয়ে মিথ্যা অপপ্রচারে দুর্নীতিবাজ সিন্ডিকেটের সাথে জড়ো হয়েছেন।

এইচ এম নুরুল আলম কক্সবাজার চেম্বার অব কমার্সের পরিচালক, বাংলাদেশ পেট্রল পাম্প মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি, স্বাধীন ট্রাভেলস এর চেয়ারম্যান, রাবেয়া সিকদার তারতিরল কোরআন মাদ্রাসা ও হেফজখানার প্রতিষ্ঠাতা সভাপতি, এন আলম ফাউন্ডেশনের চেয়ারম্যানসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয়, ক্রীড়া ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। তিনি লাখ লাখ টাকা সরকারকে রাজস্ব দিয়ে আসছেন। এ অবস্থায় শুধুমাত্র জমি দখল ও সাধারণ মানুষের ভালবাসাকে সম্মান দিতে ইউপি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতির কারণে সংঘবদ্ধ চক্রটি এন আলমের মতো একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

এ প্রসঙ্গে এইচ এম নুরুল আলম বলেন, ‘আমার জমি দখলে নিতে ও অধিগ্রহণে আত্নসাতকৃত ক্ষতিপূরণের টাকা হজম করতে সিন্ডিকেটটি আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। অন্যদিকে আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে ইউপি চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতাকারি একটি পক্ষ তাতে ইন্ধন দিচ্ছে।’ এসব মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন