• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

টেকনাফে উদ্ধার ১ লাখ ২৮ হাজার ইয়াবা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১৯ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
08288

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১ লাখ ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় একটি প্রাইভেট কার থেকে ১৮ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। অন্যদিকে নাফ নদীসংলগ্ন ১ নম্বর স্লুইস গেট এলাকা থেকে পাচারকারীদের ফেলে যাওয়া একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে উদ্ধার করা হয়েছে আরও ১ লাখ ১০ হাজার ইয়াবা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত টেকনাফের শাপলা চত্বর ও নাফ নদীর ১ নম্বর স্লুইস গেট এলাকায় অভিযান দুটি চালায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

বিজিবি সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর চারটার দিকে টেকনাফ বাজারসংলগ্ন শাপলা চত্বর এলাকায় ইয়াবার একটি চালান কক্সবাজারে পাচারের তথ্য পায় বিজিবি। পরে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা মেট্রো-খ-১২-৯৪৪৩ নম্বরের একটি সাদা প্রাইভেট কার শাপলা চত্বর এলাকায় পৌঁছালে সেটিকে থামার সংকেত দেন বিজিবির সদস্যরা। পরে গাড়িটি তল্লাশি করে পেছনের আসনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গাড়ির চালক মো. ইয়াসিন (৪১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর বাড়ি টেকনাফের ডেইলপাড়ায়।

একইদিন দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় নাফ নদীসংলগ্ন ১ নম্বর স্লুইস গেট এলাকায়। বিজিবি জানায়, নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন তথ্যের ভিত্তিতে সকাল ১০টার দিকে বিশেষ টহল দল সেখানে অবস্থান নেয়।

পরে সকাল সাড়ে ১০টার দিকে দুই ব্যক্তিকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে নাফ নদী দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবির সদস্যরা তাঁদের গতিবিধি অনুসরণ করে ধাওয়া করলে তাঁরা নৌকাসহ মালামাল ফেলে পাশের কেওড়াবাগানে পালিয়ে যান। পরে নৌকাটি তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত করা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় অভিযানে পালিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন ইমরান ও ইয়াসের (২৪)। তাঁদের বাড়ি টেকনাফ এলাকায়।

দুটি অভিযানে ইয়াবার পাশাপাশি একটি প্রোটন সাগা প্রাইভেট কার, একটি ইঞ্জিনচালিত নৌকা ও একটি ভিভো অ্যান্ড্রয়েড মুঠোফোন জব্দ করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদকের অনুপ্রবেশ ও বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তি এবং উদ্ধার করা ইয়াবাসহ জব্দ করা অন্যান্য মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন