বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ১টায় ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন এবং পর্তুগাল। তবে ২০১০ এর বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে হেড টু হেডের দিকে তাকালে পরিসংখ্যান রোনালদোর পর্তুগালের পক্ষে একদমই কথা বলে না।
আন্তর্জাতিক ফুটবলে স্পেন ও পর্তুগাল এখনও পর্যন্ত ৪১ বার মুখোমুখি হয়েছে। মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে স্পেন। তারা জিতেছে ১৮টি ম্যাচ, পর্তুগালের জয় ৭টি, আর বাকি ১৬টি ম্যাচ ড্র হয়েছে।
বিশ্বকাপে ৬ বারের মুখোমুখি দেখায় স্পেন জিতেছে ৪টি ম্যাচ এবং বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র। অর্থাৎ বিশ্বকাপে পর্তুগাল কখনওই স্পেনের সাথে জিততে পারেনি। সুতরাং, পরিসংখ্যান কোনোভাবেই পর্তুগালের পক্ষে কথা বলছে না।
একই সুরে কথা বলছে অপ্টার সুপারকম্পিউটারও। অপ্টার সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে স্পেনের জয়ের সম্ভাবনা ৪৯.২ শতাংশ, যেখানে পর্তুগালের জয়ের সম্ভাবনা মাত্র ২৫.৬ শতাংশ। এছাড়া, ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৫.২ শতাংশ বলে অনুমান করেছে মডেলটি।
পর্তুগিজ কিংবদন্তী ক্রিশ্চিয়ানো রোনালদো ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন যে, এটিই হতে চলেছে তার শেষ বিশ্বকাপ। অর্থাৎ আজকের ম্যাচে পরাজিত হলে এটিই হবে বিশ্বকাপের মঞ্চে রোনালদোর শেষ ম্যাচ।