কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কোনার পাড়ার ওয়েভস পয়েন্ট লিমিটেড নামের একটি নির্মাণাধীন ভবনের পাশে এটি পাওয়া যায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় এক যুবক হ্যান্ড গ্রেনেডটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর থানার উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্রের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে হ্যান্ড গ্রেনেড সদৃশ বস্তুটি দেখতে পান।
এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ (বোমা ডিসপোজাল) ইউনিটকে অবহিত করা হয়েছে জানিয়ে ওসি বলেন, ঘটনাস্থলটি থানা পুলিশের মাধ্যমে কর্ডন করে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং সার্বিক বিষয়ে নজরদারি অব্যাহত আছে।
টেকনাফ মডেল থানার এসআই খোকন কান্তি রুদ্র বলেন, উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেডটি ধ্বংসের জন্য আদালতের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। অনুমতি পাওয়া সাপেক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এটি ধ্বংস করবে।