কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে ওসির উপস্থিতিতে দুই গ্রুপের তুমুল সংঘর্ষে আহত ১০ জনের ঘটনায় নানান প্রতিক্রিয়া শুরু হয়েছে উপজেলা জুড়ে । স্বয়ং একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে সংঘর্ষের ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা বলছেন, সাদা পোশাকে একা এসে আদালতে বিচারাধীন মামলার বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলায় ক্ষেপে গিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ চলাকালীন সময়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবিরকে নিরব ভূমিকা পালন করতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। চিনতে না পেরে ওসি নিজেও হেনেস্তা, নাজেহাল ও মৃদু মারধরের শিকার হয়েছে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাই বাড়ী এলাকার নতুন রাস্তার মাথা নামক স্থানে বিরোধী জমি ও দোকানপাট নিয়ে দুই পক্ষের মামলা, অভিযোগ বিদ্যামান রয়েছে। ঘটনার দিন আবু তৈয়ব চৌধুরী নামের এক ব্যক্তির নেতৃত্বে ১০/১২ জন লোক দোকান দখল করতে আসে। খবর পেয়ে অপর পক্ষের লোকজন বাধা প্রদান করলে সরে যায়। পরে স্থানীয় ওয়ার্ড মেম্বার আবু বক্কর সিদ্দিক বান্ডি এসে দোকানের তালা ভেঙে প্রবেশের চেষ্টা চালায়। ঐ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে স্থানীয় থানা পুলিশের ওসিকে অবগত করেন মেম্বার। তিনি সাদা পোশাকে একাই এসে আবু তৈয়ব চৌধুরীর পক্ষ হয়ে উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকে। এতেই বেধে যায় সংঘর্ষ, সংঘর্ষ চলাকালীন সময়ে ওসির নিরব ভূমিকায় ভাবিয়ে তুলেছে জমির মালিকের।
জমির প্রকৃত মালিক ওসমান গনি অভিযোগ করে বলেন, স্থানীয় ওয়ার্ড মেম্বার আবু বক্কর সিদ্দিক বান্ডি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবির নিজেই ঘটনাস্থলে এসে তাদের ৭০/৭৫ বছরের পূর্ব পৈত্রিক সূত্রে পাওয়া জমি ও দোকানপাট দখলের চেষ্টা চালায়। তখন আমরা বাধা প্রদান করলে উপর্যপুরী হামলা চালিয়ে আহত করে। তিনি হার্টের রোগী জানিয়ে হামলার বিচার, এবং দখলদার ও ওসির শাস্তি দাবি করেন। সংগঠিত ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, যেকোনো মুহূর্তে পূনরায় সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করছন স্থানীয়রা।
এদিকে অভিযোগের বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার জানান, ওসমান গনি গং এর অভিযোগ সত্য নয়। সেখানে ঘটনা ঘটার আশঙ্কা দেখে জনপ্রতিনিধি হিসেবে গিয়েছিল। বিষয়টি থানায় বিচারাধীন ছিল। এ বিষয়ে আবু তৈয়ব চৌধুরী জানিয়েছেন তার ক্রয়কৃত জমিতে স্থাপিত দোকানের ভাড়া তুলতে গেলে একটি পক্ষ বাধা প্রদান করে। এতে তার পক্ষের ৪/৫ জন আহত হয়েছে বলে দাবি করেন। ঘটনাটি তদন্ত পূর্বক জড়িত এবং দখলকারীদের সহযোগিতা করার অভিযোগে ওসিসহ অন্যান্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা।