কক্সবাজারের ঈদগাঁওতে বাসের ধাক্কায় টমটমের (ইজবাইক) যাত্রী এক কিশোর নিহত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থানা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শফি আলম (১৪) ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া এলাকার মো. নুরু প্রকাশ লালুর পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. মেহেদি হাসান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, একটি টমটম এবং একটি স্ক্র্যাব মালবাহী ভ্যান একসাথে কক্সবাজার অভিমুখে যাচ্ছিল। এ সময় কক্সবাজার থেকে আসা একটি বাস টমটমের পেছনে ধাক্কা দেয়। ধাক্কায় টমটমটি দুমড়ে মুচড়ে যায়। এতে যাত্রী ঘটনাস্থলেই মারা যায় এবং আরও দুই যাত্রী গুরুতর আহত হয়।
ওসি মেহেদি হাসান বলেন, “ধাক্কা দিয়ে বাসটি পালিয়ে যায়। তাই কোন কোম্পানির বাস সেটিও সনাক্ত করা যায়নি। আহত দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”