• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

‘বদলে যাচ্ছে’ কক্সবাজারে আজ আসছেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিদেক / ৬৪ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

আরফাতুল মজিদ:
আজ বুধবার পর্যটন নগরী কক্সবাজারে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈকতের লাবণী পয়েন্টের কাছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সভা মঞ্চকে নৌকার আদলে তৈরী করা হয়েছে। সেখানে বিকালে ভাষণ দেবেন তিনি। মঞ্চের সজ্জার কাজও শেষ। নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফর কেন্দ্র করে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। প্রধানমন্ত্রীর সফর কেন্দ্র করে পর্যটন শহরসহ মেরিন ড্রাইভ এলাকায় চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। রয়েছে কঠোর নজরদারি। এজন্য কক্সবাজার জেলা পুলিশের বাইরে বিভিন্ন জেলা থেকে পুলিশ সদস্য আনা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর কাছে লিখিতভাবে জানানো হয়েছে। অন্যান্য বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

পুলিশ সুপার জানান, বুধবার সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানী-পাটোয়ারটেক সৈকতে চার দিনব্যাপী আন্তর্জাতিক নৌশক্তি প্রদর্শন মহড়া-২০২২-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এদিন বিকালে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফরকে ঘিরে পুরো শহর সাজানো হয়েছে। তাকে স্বাগত জানিয়ে টাঙানো ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড-পোস্টারে ছেয়ে গেছে শহরের বিভিন্ন সড়ক ও উপসড়ক। লবাণী পয়েন্ট সড়কে বসানো হয়েছে বড় বিলর্বোড। ভাঙাচোরা সড়কের সংস্কার, ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন, সড়কে লাইটিং ও সৌন্দর্য বর্ধনের কাজ সম্পন্ন হয়েছে সমানতালে। অসম্পন্ন প্রধান সড়কের কাজও কোনমতে শেষ করা হয়েছে। বিমানবন্দর থেকে শহরের কলাতলীর হাঙর ভাস্কর্য মোড় পর্যন্ত পাঁচ-ছয় কিলোমিটার সড়কে দুই শতাধিক তোরণ তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী আগমনের একদিন আগে থেকেই বিভিন্ন এলাকার লোকজনের সমাগম শুরু হয়ে গেছে। গতকাল মঙ্গলবার দুপুর থেকে শহরের বিভিন্ন এলাকায় খন্ড খন্ড মিছিল দেখা গেছে। প্রচারণা, মিছিল, শোডাউন পুরো শহর মেতে উঠেছে। প্রচারণার গাড়িতে চলছে স্বাগত গান।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকালে প্যানেল মেয়র মাহবুবুর রহমানের নেতৃত্বে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে সন্ধ্যাবেলায় কলাতলী মোড় থেকে বিশাল একটি মিছিল শুরু হয়। যাদের সবার গায়ে লাল গেঞ্জি ও মাথায় ছিল ক্যাপ। তারা বহন করেছে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও এমপি জাফর আলমের ছবি সম্বলিত প্ল্যা-কার্ড, ব্যানার। মিছিলের বহরটি কলাতলী হয়ে লাবণী পয়েন্ট ঘুরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রকল্প উদ্বোধন :
এদিকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের ২৮টি প্রকল্প উদ্বোধন এবং ৪টির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। ২৮ প্রকল্পে এক হাজার ৩৮৩ কোটি টাকা ব্যয় হয়েছে। ভিত্তিপ্রস্তরযোগ্য ৪ প্রকল্পে ব্যয় হবে ৫৭২ কোটি টাকা।

কক্সবাজারবাসীর ১১ দাবি:
কক্সবাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সংযুক্তিকরণ, কক্সবাজারের সাথে মহেশখালী উপজেলার সংযোগ সেতু ও বাঁকখালী নদীর তলদেশ দিয়ে ট্যানেল নির্মাণ, কুতুবদিয়া মগনামার মধ্যে ফেরি সার্ভিস চালুকরণ, কক্সবাজার পর্যটন গবেষণা ইনস্টিটিউট, চার লেনের মেরিন ড্রাইভ, ছয় লেনের কক্সবাজার-চট্টগ্রাম মহসড়ক, কক্সবাজার সিটি কর্পোরেশন, কক্সবাজার সিটি কলেজকে সরকারিকরণ, চকরিয়া উপজেলা মাতামুহুরীকে পৃথক উপজেলা ঘোষণা, ঝিনুক ব্যবসায় সাথে জড়িত উচ্ছেদকৃত ব্যবসায়ীদের পুনর্বাসন ও স্থায়ী আধুনিক ঝিনুক মার্কেট নির্মাণ।

দুটি অনুষ্ঠানস্থল ও মঞ্চ :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে আন্তর্জাতিক নৌ মহড়ার উদ্বোধন করতে ইনানী যাবেন। যেখানে এরই মধ্যে প্রস্তুুত করা হয়েছে নান্দনিক মঞ্চ। সাজানো হয়েছে মঞ্চ ঘিরে প্যান্ডেল। দুপুরের পর উপস্থিত হবেন শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের জনসভা মঞ্চে। সেখানে নৌকা আকৃতির বিশাল মঞ্চ প্রস্তুুত রাখা হয়েছে।
এ ব্যাপারে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মুজিবুর রহমান জানিয়েছেন, সভাস্থলে নৌকা আকৃতির মূল মঞ্চ প্রস্তুুত। সঙ্গে প্রস্তুুত আছে ৪টি উপমঞ্চ। সেখানে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা আলাদা অবস্থান নেবেন। একই সঙ্গে উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আলাদা মঞ্চ প্রস্তুুত রয়েছে।

মেডিকেল দল গঠন :
প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ও জনসভাকে কেন্দ্র করে চিকিৎসা সেবার জন্য ৭টি বিশেষ মেডিকেল দল গঠন করেছে কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়, কক্সবাজার জেলা শাখা মেডিকেল অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ।
কক্সবাজারের সিভিল সার্জন মাহাবুবুর রহমান জানিয়েছেন, মেডিকেলের ৭টি দলের মধ্যে ২টি দল আন্তর্জাতিক নৌ মহড়াস্থল ইনানী, ২টি দল শেখ কামাল স্টেডিয়ামে জনসভাস্থল, ২টি দল কক্সবাজার জেলা সদর হাসাপাতালে সকাল থেকে রাত পর্যন্ত দায়িত্ব পালন করবেন। খাদ্য পরীক্ষার জন্য গঠিত মেডিকেল দলটি বিমানবন্দর, সার্কিট হাউস, ইনানী ও জনসভাস্থলে থাকবে।

আওয়ামী লীগের প্রস্তুুতি :
দলীয় সভাপতিকে বরণ করতে সব প্রস্তুুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। তিনি জানান, কেবল সভাস্থল শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম নয়; এর আশপাশে কক্সবাজার শহরজুড়ে হবে জনারণ্য। এবারের জনসভায় ৫ লাখ মানুষের জমায়েত হবে। ফলে শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম ছাড়াও সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, বাহারছড়ার মুক্তিযোদ্ধা চত্বর, হলিডের মোড়, শহীদ সরণী এলাকা, কলাতলীর হোটেল-মোটেল জোন হয়ে কলাতলীর ডলফিন মোড় পর্যন্ত মানুষের জমায়েতের জন্য প্রস্তুুত। পুরো এলাকায় দুই শতাধিক মাইকও রাখা হয়েছে।

সমাবেশস্থলের ১৫০ পয়েন্টে মিলবে সুপেয় পানি :
এদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় সমাবেশস্থলে ব্যবহার ও সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। বসানো হয়েছে উন্নতমানের ওয়াশরুম ও টয়লেট।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আবুল মঞ্জুরের দেওয়া মতে, প্রধানমন্ত্রীর সমাবেশে আসা লোকদের সুবিধার্থে ৪টি গভীর নলকূপ ও ৬টি শক্তিশালী ওভারহেড ট্যাংক স্থাপন করা হয়েছে। সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে ১৫০ পয়েন্টে ব্যবহার ও পানযোগ্য পানি সরবরাহ করা হবে। তার আগে ল্যাবে পরীক্ষা করে পানির গুণাগুণ ও নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা হয়েছে।

সমাবেশস্থলে থাকবে পানি ও সেনিটাইজারসমৃদ্ধ ৫০টি পোর্টেবল ও দৃষ্টি নন্দন ওয়াশরুম। ভিআইপি অতিথিদের জন্য ১০টি টয়লেট করা হয়েছে। এতে সার্বক্ষণিক অর্ধশত মতো কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন