ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারে শুরু হয়েছে রাখাইনদের মাহা ওয়াইগ্যা পোঁওয়ে বা প্রবারণা উৎসব। মুল আনুষ্ঠানিকতা রবিবার হলেও প্রতিবছরের ন্যায় এবারও একদিন আগে শনিবার থেকে শুরু হয়েছে দুই দিনের এই উৎসব।
এ উপলক্ষে শহরের মাহাসিংদ্রোগী বৌদ্ধ বিহার মাঠে সাজানো হয়েছে ২০ টি মন্ডপ আরো আলোকিত করা হয়েছে অগ্গমেধাসহ সংলগ্ন সবকটি বিহার। সন্ধ্যা হতেই অসংখ্য পুন্যার্থী ভীড় করে বিহারে আর কিছু সময় পর পর উঠানো হয় ফানুসবাতি।
আষাঢ় থেকে আশ্বিন এই তিনমাস বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাব্রত শেষে আসে প্রবারনা। অশুভকে বারণ আর শুভকে বরণের এই প্রবারনা বৌদ্ধদের ২য় বৃহত্তম ধর্মীয় উৎসব আর তাবতিংস স্বর্গে রক্ষিত কেশধাতুর প্রতি শ্রদ্ধা জানিয়ে উঠানো হয় ফানুস বাতি। ৯ অক্টোবর শেষ হবে এই প্রবারনা উৎসব।