জয়নাল উদ্দিন:
বুধবার বিকাল সাড়ে ৩টা থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে আসতে থাকে মা দুর্গা। এ সময় হাজার হাজার ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীরা ভিড় জমায়। একে একে সমুদ্র সৈকত লোকে লোকারণ্য হয়ে পড়ে। এর আগে প্রতিটি মন্ডপ থেকে মা দুর্গাকে ট্রাকে করে নিয়ে যাওয়া হয় সৈকতের লাবণী পয়েন্টে। বিকাল ৩ টা থেকে আনন্দ ও বাজনার তালে তালে মন্ডপ থেকে দুর্গাকে বিসর্জনের রওনা দেন পুণ্যার্থী ও ভক্তরা।
শুভ বিজয়া দশমীতে কক্সবাজার সমুদ্র সৈকতে বিদায়ের সুর ভক্তদের মাঝে বয়ে যায়। মর্ত্য ছেড়ে দুর্গতিনাশিনী মা দুর্গা কৈলাসে ফেরার পথে অসুর বধ ও অকল্যাণ দূর করে ভক্তদের জন্য রেখে যাচ্ছেন সুখ, সমৃদ্ধি ও আশীর্বাদ। বিজয়া দশমীর সকালে মন্ডপে মন্ডপে দশ উপচারে অনুষ্ঠিত হয় দেবীদুর্গার বিহিত পূজা। শাপলা, শালুক আর বলিদানের মধ্য দিয়ে নানা আনুষ্ঠানিকতা পালন করে দেবীর পূজা দেন ভক্তরা।
৫ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যদিয়ে আজ বুধবার (৫ অক্টোবর) সমাপ্ত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজা। বিজয়া দশর্মী উপলক্ষে নেয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা। বিসর্জন দেয়া হচ্ছে কক্সবাজার সৈকতের লাবনী পয়েন্টে। বিসর্জন উপলক্ষে বিকাল ৩ টা থেকে সৈকতে লাখো পর্যটক ও ভক্তদের ঢল নামেন।
জানা গেছে, গত ১ অক্টোবর থেকে শুরু হয় শারদীয়া দূর্গাপূজা। ১ অক্টোবর ষষ্টী, ২ অক্টোবর সপ্তমী, ৩ অক্টোবর অষ্টমী, ৪ অক্টোবর নবমী ও ৫ অক্টোবর দশমীর মধ্যদিয়ে আজ সমাপ্ত হচ্ছে ৫ দিনব্যাপী শারদীয়া উৎসব। এবার কক্সবাজার জেলায় প্রতিমাপুজার সংখ্যা ছিল ১৪৮টি ও ঘটপুজার সংখ্যা ছিল ১৫৮টি।
কক্সবাজার জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ জানান, মন্ডপে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবার। আজ বুধবার শেষ অনুষ্ঠান হবে কক্সবাজার সমুদ্র সৈকতে। সৈকতে বসবে সম্প্রীতির মিলনমেলা। এখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিমা আনা হবে সংশ্লিষ্ট মন্ডপ থেকে। তাই শেষভালটার আশা করছি আমরা।
আরও পড়ুন: