কক্সবাজার অফিস:
কক্সবাজার সদরের খরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে সাজেদ সওয়ার জুয়েল রানা (২০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। এসময় তার কাছ থেকে ৩ হাজার ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটক রানা ঝিলংজা ইউনিয়নের ৮নং ওয়ার্ড খরুলিয়া চড়াপড়া এলাকার মনির আলমের ছেলে। বুধবার (৫ অক্টোবর) দুপুরে এক মেইল বার্তায় এই তথ্যটি জানান র্যাব-১৫ এর সহকারি পুলিশ সুপার মো. বিল্লাহ উদ্দিন।
র্যাব-১৫ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে খরুলিয়া জনৈকা ছৈয়দা বেগমের বাড়ির আশপাশ এলাকায় মাদককারবারী মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে উক্ত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতিতে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। পালানোর চেষ্টাকালে সাজেদ সওয়ার জুয়েল রানাকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশী করে ১টি শপিং ব্যাগের ভেতর থেকে ৩০৭০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।