• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

টেকনাফে ছেলের ছোড়া গুলিতে বাবা গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিদেক / ১০৫ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের টেকনাফে ছেলের ছোড়া গুলিতে মো. ইউনুছ (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ইউনুছ নাজিরপাড়া এলাকার মৃত হোছেন আহমেদের ছেলে। আর অভিযুক্ত আবদুল আমিন (২৮) তার পুত্র।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে নাজিরপাড়া এলাকায় মাটি কাটাকে কেন্দ্র করে আবদুল আমিনের সঙ্গে প্রতিবেশী আবুল ফয়েজের বাগবিতণ্ডা হয়। এ সময় দুই পক্ষের স্বজনসহ স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। একপর্যায়ে আবদুল আমিন কোমর থেকে পিস্তল বের করে ফয়েজকে লক্ষ্য করে গুলি ছোড়েন। ফয়েজ সরে পড়লে ঘটনাস্থলে থাকা ইউনুছের হাতে গুলি লাগে। পরে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যান।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাফিজা আক্তার জানান, বাঁ হাতে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের ছোড়া গুলি বাবার হাতে লেগেছে। এ ঘটনায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন