• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

বিয়ের টাকা যোগাড়ে ইয়াবা কারবার : রামুর নুরুল হক আটক

নিজস্ব প্রতিদেক / ২৩৬ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
নুরুল হক।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
বেচারা নুরুল হকের (২৩) বিয়েটা আর হচ্ছে না। মরণনেশার ট্যাবলেট ইয়াবা তার বিয়েটাই ভন্ডুল করে দিয়েছে। সেই সঙ্গে তাকে ঢুকতে হচ্ছে চার দেয়ালের কারাগারেও। যে ইয়াবা কারবারের টাকায় সে বিয়ে করতে যাচ্ছিল সেই ইয়াবাই তাকে এখন কারাগারের পথে নিয়ে গেছে।

এখন যুবক নুরুল হক রামু থানা পুলিশের হাতে আটক। নুরুল হক রামুর দক্ষিণ খুনিয়া পালং গ্রামের আবদুর রহিমের ছেলে।

আগামী শুক্রবারই তার বিয়ের দিন ধার্য রয়েছে। কত রঙিন স্বপ্ন বুনছে এই যুবক। বিয়েতে একটু বাড়তি ধুমধামের জন্য টাকার প্রয়োজন। তাই ডানে বামে না ফিরেই সিদ্ধান্ত নিল-একমাত্র ইয়াবাই ভাগ্য খুলে দিতে পারে। অমনি দৌড় এলাকার কারবারিদের কাছে। কারবারিদের গুদাম থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা নিয়ে আসল। বিক্রি করবে খুচরায়।
বিয়ের টাকা যোগাড়ের জন্য সেই ইয়াবার পুটলি নিয়ে গেল খুনিয়া পালং ইউনিয়নের মির্জালি স্টেশন সংলগ্ন পাহাড়ি এলাকায়। জঙ্গলাকীর্ণ পাহাড়ি এলাকার একটি গুহায় বসে সে মোবাইলে ডাকছিল ক্রেতা। অমনি সেখানে পৌঁছে যান রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা।

মুজিববর্ষের অসহায় পরিবারদের ঘর নির্মাণের জমি পরিদর্শনে গিয়েই কক্সবাজারের রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা দেখতে পেলেন গুহায় বসে এক যুবক মোবাইলে কথা বলছেন। সন্দেহজনক মনে করে ইউএনও ওই যুবককে ডাকতেই বের হলো ইয়াবার চালানের একটি প্যাকেট।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের মির্জাআলী স্টেশন নামক পাহাড়ী এলাকার দৃশ্য এটি। তবে ঘটনা এখানেই শেষ নয়। পাহাড়ী গুহা থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা নিয়ে যুবককে আটকের পর দেখা গেল পাশেই অন্য দুই যুবক প্রকাশ্যে একদম দেদারছে পান করছে মদ। সঙ্গীয় লোকজন নিয়ে মদ্যপানরত ওই দুইজনকেও আটক করা হলো।

তাদের তিনজনকেই সোপর্দ করা হয় রামু থানা পুলিশের কাছে। ধৃত অপর দুজন হচ্ছে একই এলাকার আবদুল হামিদের ছেলে আব্বাস খান ও ছৈয়দ আলমের ছেলে মো. কায়ছার।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম গত রাতে জানান, পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে হতভাগা নুরুল হক পুলিশের কাছে তার বিয়ের কথা থেকে সবকিছুই অকপটে জানিয়েছেন। পুলিশ তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে। অপর দুই মদ্যপায়ী যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন