বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফ হ্নীলা জাদিমোরাসহ বিভিন্ন পয়েন্টে এখন স্কুল-মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা সিন্ডিকেটবদ্ধ হয়ে মাদক চোরাচালানে জড়িয়ে পড়ছে।
জানা যায়, হ্নীলা জাদিমোরা এলাকার মোঃ ইলিয়াছের পুত্র মোঃ আরিফ ওরফে মুন্না, জামাল হোছন ওরফে আবু তৈয়বের পুত্র ওসমান সরওয়ার শুভ, মোহাম্মদ সালেহের পুত্র হামিদ হোছন এবং এজাহার মিয়ার পুত্র আরফাত উল্লাহ লেদা হাইস্কুল শাখা ছাত্রলীগ এবং ৯নং ওয়ার্ড ছাত্রলীগের বিভিন্ন স্তরের পদ-পদবীধারী। তাদেও পারিবারিক অবস্থান যাই হোক না কেন মাদক ও চোরাচালান অধ্যূষিত এলাকার বাসিন্দা হওয়ায় দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের মাধ্যমে মাদক চোরাচালান করে আসছে।
তাদের অনুসরণ করে উক্ত এলাকায় ছাত্রত্বের আড়ালে আরো কয়েকটি মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এছাড়া মোচনী, লেদা, আলীখালী, রঙ্গিখালী, নাটমোরা পাড়া, ফুলের ডেইল, বৃহত্তর হ্নীলা সিকদার পাড়া, পানখালী, মৌলভী বাজার, আলী আকবর পাড়াসহ বিভিন্ন স্থানে এখন ছাত্রদের মাধ্যমে মাদক চোরাচালান আশংকাজনক বাড়ছে।
বুধবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদক পাচারের সংবাদ পেয়ে হ্নীলা লেদা এলাকায় অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবাসহ জাদিমোরা ঘুমতলীর মোঃ ইলিয়াছের পুত্র মোঃ আরিফ ওরফে মুন্না (১৯) কে আটক করে। এসময় একই এলাকার জামাল হোছনের পুত্র ওসমান সরওয়ার (২০) পালিয়ে যায়। তারা ছাত্র এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী পরিচয়ে মোটর বাইক নিয়ে দাপিয়ে বেড়ায়। তাই এই সিন্ডিকেটের পালিয়ে থাকা অপরাপর সদস্যদের আইনের আওতায় আনার দাবী উঠেছে।
এলাকার সচেতন মহল মনে করেন, যেসব এলাকায় ছাত্রদের হাতে খাতা-কলমের বদলে মাদকের চালান উঠছে নিশ্চয় সে এলাকার অভিভাবক ও সাধারণ মানুষের মাঝে চরম ভোগান্তি ছাড়া কিছুই নেই। তাই যেকোন মূল্যে এদের বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে মাদক থেকে দূরে রাখার বিকল্প নেই। সূত্র-টেকনাফ টুডে।