ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের টেকনাফ হ্নীলায় বিদ্যুতের বকেয়া বিল শোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় ক্ষুদ্ধ হয়ে সংঘবদ্ধ ইয়াবা কারবারীদের হামলায় ৩জন বিদ্যুৎ কর্মী রক্তাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, বুধবার (২৪ নভেম্বর) দুপুরের দিকে পল্লী বিদ্যুৎ টেকনাফ জোনাল অফিসের এজিএম উদয়র দাশ গুপ্তের নেতৃত্বে ১০/১২জনের একটি দল হ্নীলা নাটমোরা পাড়ার ৪২৯/১৩০০নং হিসাবধারী মৃত কাশেম আলীর পুত্র মোঃ হানিফের বাড়িতে বকেয়া ১৩হাজার ৭শ টাকা আদায়ের জন্য যায়। উক্ত গ্রাহক টাকা পরিশোধ না করায় বিদ্যুৎ কর্মীরা সংযোগ লাইন বিচ্ছিন্ন করে দেন।
এতে ক্ষিপ্ত হয়ে নাটমোরা পাড়ার শহর আলীর পুত্র ইসমাঈল, নুরুল আমিন মুন্সীর পুত্র ইয়াবা গডফাদার নুরুল কবির বেলেইক্কা,অছিউর রহমানের পুত্র মোঃ তাহের, মৃত মোঃ হানিফের পুত্র ওমর ফারুকের নেতৃত্বে ৮-১০জনের একটি গ্রæপ লাঠি-সোটা ও রড নিয়ে বিদ্যুৎ কর্মীদের উপর চড়াও হয়।
তাদের হামলায় লাইনম্যান মোঃ মুরশিদ আলম, জহির খান ও রিডিং রাইটার মোঃ জহির উদ্দিন গুরুতর আহত ও রক্তাক্ত হয়। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য লেদা আইএমও হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উপজেলা সদর হাসপাতালে রেফার করা হয়। লাইনম্যান মুরশিদ আলমের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই কক্সবাজার সদও হাসপাতালে রেফার করা হয়।
এই বিষয়ে পিডিবি হ্নীলা উপকেন্দ্রের ইনচার্জ বিনয় ভূষণ মজুমদার জানান, বিদ্যুৎ কর্মীদের উপর গ্রাহক নামধারী সংঘবদ্ধ ইয়াবা কারবারীদের হামলা খুবই দুঃখজনক। আমি ন্যাক্কারজনক এই হামলার সুবিচার দাবী করছি।