কুতুবদিয়া প্রতিনিধি
কক্সবাজারের কুতুবদিয়ায় অনুমোদন না নিয়ে নিয়োগ পরীক্ষা নেয়ায় আটক কারা নামের এনজিওর তিন কর্মকর্তাকে মুচলেকা নিয়ে মুক্তি দেয়া হয়েছে।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী জানান, আটককৃতরা মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছে। পাশাপাশি আবেদনকারীদের কাছ থেকে নেয়া টাকা ফেরত নেয়া হয়েছে যা দক্ষিণ ধুরুং ইউনিয়ন চেয়ারম্যানের কাছে জমা রাখা হয়েছে।
আবেদনকারীরা দক্ষিণ ধুরুং ইউনিয়নের চেয়ারম্যানের কাছ থেকে তাদের প্রত্যেকের আবেদনের ফি বাবদ জমা দেয়া দুশ টাকা ফেরত নিতে পারবে।
শুক্রবার সকালে ধুরং আদর্শ উচ্চবিদ্যালয়ে কারা নামের এনজিও কুতুবদিয়ার ৬ ইউনিয়নে সুপারভাইজার ও ফিল্ড অফিসার পদে ৫৬ জনের নিয়োগ পরীক্ষা নিচ্ছিলো,পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অবগত না থাকাসহ এনজিওর কাযক্রম সন্দেহজনক হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে কারার প্রজেক্ট ডিরেক্টর আকতার আহমদ, এরিয়া ম্যানেজার গোলাম রহমান, ম্যানেজার মোঃ জামশেদ কে আটক করা হয়।
শনিবার (২০ নভেম্বর) কাগজপত্র যাচাই এবং নিয়োগ পরীক্ষার জন্যে নেয়া টাকা ফেরতসহ মুচলেকা দিয়ে তাদের মুক্তি দেয়া হয়।