টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে এবার ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কালো পোয়া মাছের দাম উঠেছে ১০ লাখ টাকা পর্যন্ত। শনিবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার ফিশিং ট্রলার মালিক ছালেহ আহমদের জালে ধরা পড়েছে এই কালো পোয়াটি।
জানান যায়, টেকনাফ পৌর এলাকা কায়ুকখালী ছৈয়দ আলমের ফিশারী ঘাটে মাছ ধরা নৌকাটি ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের কালো পোয়া একটি, ৪০টি রাঙা চৈ ও চারটি সামুদ্রিক কোরালসহ ভেড়ে। এরপর ঘাটে কালো পোয়া মাছটির কেজি প্রতি ২৫ হাজার টাকা মূল্য ধরে মোট সাড়ে সাত লাখ টাকায় কিনতে আগ্রহ দেখান স্থানীয় মাছ ব্যবসায়ী জামাল হোসেন। কিন্ত দরদাম মনপুত না হওয়ায় অন্যান্য মাছগুলো ৭০ হাজার টাকায় বিক্রি করে কালো পোয়া মাছটি আরো বেশি মূল্যে বিক্রি করার আশায় কক্সবাজার ফিশারী ঘাটে নিয়ে যাওয়া হয়।
ফিশিং ট্রলারের মালিক ছালেহ আহমেদ বলেন, ‘তিনদিন আগে হোছন মাঝির নেতৃত্বে ৯ জন জেলে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়েছিল তার ট্রলারটি। সেখানে শনিবার (১৩ নভেম্বর) সকালে জালে মাছগুলো ধরা পড়ে। কালা পোয়া মাছটি জালে আটকা পড়লে জেলেরা আমাকে বিষয়টি জানান। আমি তাঁদের তীরে চলে আসার জন্য বলি। কালো পোয়া মাছটি কক্সবাজার ফিশারী ঘাটে নিয়ে ১৪ লক্ষ টাকা দাম হাঁকা হয়। সন্ধ্যায় দর কষাকষির পর কক্সবাজার ফিশারি ঘাটের মৎস্য ব্যবসায়ী নুনিয়ারছড়ার সুলতান আহমদ ১০ লাখ টাকা দিয়ে মাছটি কিনে নেন’।
এর আগেও ১১ নভেম্বর সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের আবদুল মন্নান মেম্বারের ফিশিং বোটে ধরা পড়েছিল ২টি কালো পোয়া মাছ। মাছ দুটির ওজন ছিল ৬৪ কেজি ৭০০ গ্রাম। কক্সবাজারের স্থানীয় মাছ ব্যবসায়ীরা ৭ লাখ ৬০ হাজার টাকায় কিনে নিয়েছিলেন মাছ দুটি। কালো পোয়া মাছ চড়া দামে দেশের বাইরে রপ্তানি করা হয়। বিশেষ করে এই মাছের বায়ুথলী (স্থানীয় ভাষায় পদনা) মেডিকেল ক্যামিকেল হিসেবে ব্যবহার হয় বলে এজাতীয় মাছের দাম খুবই চড়া।
টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কবি মো. দেলোয়ার হোসেন বলেন, ‘এ মাছের বৈজ্ঞানিক নাম ‘মিকটেরোপারকা বোনাসী ফিস’। সাধারণতঃ এতবড় কালো পোয়া ধরা পড়ে না। সরকারি বিধিনিষেধের মান্য করায় সাগরে মাছ বড় হওয়ার সুযোগ পেয়েছে। আর এর সুফল পাচ্ছেন জেলে ও ফিশিং ট্রলার মালিকগণ। এই মাছের বায়ুথলী মেডিকেল ক্যামিকেল হিসেবে ব্যবহার হয়। এজন্য এজাতীয় মাছের মুল্য বেশি’।