• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

হুংকার দিয়ে জনগণের আন্দোলন দমাতে পারবে না : হামিদুর রহমান

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১২ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

৫ আগস্টের পটপরিবর্তনের পরও সরকারের আচরণে কোনো পরিবর্তন আসেনি এবং তাদের ভাষা অনেকটা শেখ হাসিনার মতোই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী হুংকার দিচ্ছেন যে আন্দোলন করলে মোকাবিলা করা হবে। এই ভাষা শেখ হাসিনার। কিন্তু হুংকার দিয়ে বা চোখ রাঙিয়ে জনগণের আন্দোলন কেউ দমাতে পারবে না।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি মোড়ে ১১-দলীয় ঐক্য আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে’ এই কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে হামিদুর রহমান আযাদ বলেন, ‘সরকারের আচরণ দেখে মনে হয় না বাংলাদেশে ৫ আগস্ট কোনো পরিবর্তন হয়েছে। তাদের কর্মকাণ্ডে মনে হয় না শেখ হাসিনা ভারত পালিয়ে গেছেন কিংবা ফ্যাসিবাদের পতন হয়েছে। কারণ, হাসিনার সরকার ছিল গণবিরোধী, আর বর্তমান সরকারও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণবিরোধীর খেতাব নিতে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আপনারা পার্লামেন্টে সংবিধান নিয়ে জিকির করেন, তসবি পড়েন। কিন্তু সেই সংবিধানের ৩৯ নম্বর ধারায় যে বাকস্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার দেওয়া হয়েছে, তা রক্ষা করতে পারছেন না। পঞ্চগড়ে রাশেদ প্রধানের বাড়িতে যখন বিএনপির সন্ত্রাসীরা হামলা চালায়, তখন সরকার বা প্রশাসন কেন তার মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করতে পারল না?’

১১ দলের এই নেতা সরকারকে সতর্ক করে বলেন, রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন চলছে। অতীতে শেখ হাসিনা পালটা কর্মসূচি দিয়ে দমনের চেষ্টা করেও জনগণের শক্তির সামনে দাঁড়াতে পারেননি। বর্তমান সরকারও যদি ফ্যাসিবাদের মতো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দমন-পীড়ন চালায়, তবে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করবে এবং দাবি আদায় করে ছাড়বে ইনশা আল্লাহ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশাল সমাবেশে ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন