কক্সবাজারের রামু গর্জনিয়া পাহাড়ি এলাকার শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিনের দুই সহযোগিকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা। ১০ অক্টোবর সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কচ্ছপিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে- ৯ অক্টোবর রামু কচ্ছপিয়া এলাকায় পূর্ব বিরোধের জেরে মনির উদ্দিনের উপর সশস্ত্র আক্রমণ চালায়। পরিকল্পিতভাবে ঘটনার দিন ভিকটিম মনির উদ্দিনের পথরোধ করে প্রতিপক্ষের লোকজন তার শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এছাড়াও তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়া হয়। এ ঘটনায় কোন প্রকার আইনের আশ্রয় নেয়া হলে ভিকটিম মনির উদ্দিনকে মেরে ফেলা’সহ বিভিন্নভাবে হুমকি দেয় ডাকাত শাহিনের লোকজন। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে রামু থানায় একটি মামলা রুজু করেন।
এরপর মামলার এজাহারনামীয় আসামীদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে র্যাব। পরে কচ্ছপিয়া এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত শাহীন ডাকাতের দুই সহযোগি মিজানুর রহমান ও মো: হাশেমকে গ্রেফতার করা হয়। তারা দুই এজাহারনামীয় আসামী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের কুখ্যাত শাহীন ডাকাতের সহচর এবং ভিকটিম মনির উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালানোর কথা স্বীকার করে।