• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

রাজনৈতিক পরিচয় থাকায় পাঠ্যবইয়ে শহীদ ওয়াসিমের জায়গা হয়নি : ছাত্রদলের সম্পাদক

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ২২৫ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেছেন, জুলাই ও আগস্টে শহীদদের মধ্যে শহীদ আবু সাঈদ ও মুগ্ধর নাম পাঠ্যপুস্তকে স্থান পেয়েছে। শুধু রাজনৈতিক পরিচয় থাকার কারণে ওয়াসিমের নাম এখনো অন্তর্ভুক্ত হয়নি। যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য ওয়াসিম জীবন দিয়েছেন, সেই বৈষম্য এখনো রয়ে গেছে।

আজ বুধবার সকালে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতে গিয়ে এ কথা বলেন নাছির উদ্দীন। এর আগে তিনি ওয়াসিমের বাবা–মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

কবর জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের নাছির উদ্দীন বলেন, ‘গত বছরের এই দিনে ওয়াসিম ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছিলেন, “চলে আসুন ষোলশহর।” এ আহ্বান কেবল কোটা সংস্কার আন্দোলনের জন্য ছিল না। এ আহ্বান ছিল অবৈধ শাসনের অবসান ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের গণ-আন্দোলনের ধারাবাহিকতায় সেই ডাকে সাড়া দিয়ে ওয়াসিম শহীদ হয়েছেন।’

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘একটা গুপ্ত সংগঠন এখনো বিভিন্ন প্রোপাগান্ডায় জড়িত রয়েছে। তারা জুলাই-আগস্টে আদৌ আন্দোলন করেছে কি না, জনমনে সন্দেহ রয়েছে। শহীদ ওয়াসিমকে ভিন্ন দৃষ্টিতে দেখার পেছনে এ গুপ্ত সংগঠনের তৎপরতা থাকতে পারে বলে আমরা মনে করছি।’

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবু আফসান মুহাম্মদ ইয়াহিয়া, আরিফুর ইসলাম, কাজী জিয়া উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বায়জিদ হোসাইন, মাসুম বিল্লাহ, রাজু আহমেদ প্রমুখ। এ ছাড়া কক্সবাজার জেলা ছাত্রদল ও বিভিন্ন উপজেলার নেতা–কর্মীরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন