কক্সবাজারের মহেশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো কিরিচসহ ডাকাতি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জুন) সকালে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের রাঙ্গাখালী মইন্ন্যারঘোনা এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার নাছির উদ্দিন ওরফে নাছির ডাকাত মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের মাইজপাড়ার বাসিন্দা। মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইমরান হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে মহেশখালীর মইন্ন্যারঘোনা এলাকায় চিহ্নিত ডাকাত নাছির উদ্দিনসহ কতিপয় সশস্ত্র লোকজন অবস্থান করছে খবরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছালে ৪-৫ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে নাছির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে দেশিয় একটি বন্দুক ও একটি লম্বা কিরিচ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার নাছির উদ্দিন একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে আদালতে ৫টির বেশি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেপ্তার নাছির উদ্দিনের বিরুদ্ধে আরেকটি মামলার প্রস্তুতি চলছে।