ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজার সদরের ভারুয়াখালীতে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একজনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে সদর উপজেলা প্রশাসন কক্সবাজার।
রোববার (১৪ আগস্ট) বিকাল সাড়ে ৫ টা থেকে সাড়ে ৭ টা পর্যন্ত চলমান এই অভিযানের নেতৃত্ব দেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোহাম্মদ জাকারিয়া। অভিযানে সার্বিক সহযোগীতায় ছিলেন কক্সবাজার উত্তর বনবিভাগের মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তাগন।
জানা যায়,কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীর আনুর দোকান নামক স্থানে পাহাড় কেটে স্থাপনা নির্মাণ করছে এমন সংবাদ পাওয়ার সাথে সাথে অভিযান পরিচালনা করে সদর উপজেলা প্রশাসন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পাহাড় কেটে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এসময় মোবাইল কোর্টের মাধ্যমে পাহাড় কাটায় জড়িত এক ব্যক্তিকে পরিবেশ আইন ১৯৯৫ সংশ্লিষ্ট ধারা মোতাবেক ৯০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, এবং আগামীতে আর কোন স্থাপনা করবেনা এবং স্থাপিত অবৈধ স্থাপনা দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
একইদিন পিএম খালীর তোতুক খালীতে মাদক সেবন করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে একজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।