নিজস্ব প্রতিবেদক:
পিএমখালীর আব্দুল মালেক প্রকাশ কেতা মালেককে গ্রেপ্তারে জনমনে স্বস্তি দেখা দিয়েছে। এ খবরে এলাকায় বিতরণ করা হয়েছে মিষ্টি। এ জন্য ইউনিয়নের মানুষ পুলিশ প্রশাসনকে জানিয়েছেন সাধুবাদ। তবে পলাতক অন্যান্য সন্ত্রাসীদেরও গ্রেপ্তারের দাবী জানিয়েছে সাধারণ মানুষ।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কেতা মালেক সদর উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের ঘনিষ্টজন পরিচয়ে এলাকায় নানা অপকর্ম করে আসছে। তার রয়েছে শক্তিশালী বাহিনী।
আবু তাহের ওরফে তাহেইজ্জ্যা, মতিউর রহমান ওরফে মইত্যা ও আজহার ওই বাহিনীর অন্যতম সদস্য। এই বাহিনী ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, ইয়াবাসহ সন্ত্রাসী কার্যক্রম করে যাচ্ছে বলে জানা গেছে।
অস্ত্র ব্যবসায়ীদের সাথে তাদের রয়েছে গভীর সখ্যতা। সময় অসময়ে অকারণে তার বাহিনীর লোকজন সাধারণ মানুষের উপর হামলে পড়ে। ইউনিয়নের মানুষ এতোদিন কেতা মালেকের কাছে জিম্মি হয়ে ছিল। তাকে গ্রেফতারে এলাকাবাসী অনেকদিন ধরে আন্দোলন করে যাচ্ছে। অবশেষে বাহিনী প্রধান গ্রেফতারে এলাকা ফিরে এসেছে শান্তি। স্বাভাবিক হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। তবে মালেক বাহিনীর অন্যান্য সদস্যরা এখনও বহাল তবিয়তে রয়েছে। তাই দ্রুত তাদের আইনের আওতায় আনার দাবি উঠেছে।
গত ৪ জুলাই ইউনিয়নের মৃত মাওলানা কবির আহমদের পুত্র হুমায়ুন কবিরকে পিটিয়ে তার মোটর সাইকেল ও টাকা ছিনিয়ে নেয় কেতা মালেকের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী।
এছাড়া গত ৮ জুন দরপত্র জমাকে কেন্দ্র করে ৪ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলমকে সদর উপজেলা পরিষদ চত্বরে মারধর করে কেতা মালেক, আলাল, বাবুলসহ আরও ৪/৫ জন।
গত ২৬ মার্চ রাতে নুরুল আলম বাড়ির পার্শ্বে প্রবাসী শাহ আলমের বাড়িতে ডাকাতিতে বাঁধা দিলে আব্দুল মালেকের নেতৃতে কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক নুরুল আলমসহ পরিবারের ৪ সদস্যকে কুপিয়ে মারাত্মক জখম করে। হামলায় কেটে যায় নুরুল আলমের কান।
এ ঘটনায় ১১ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যার মামলা নং-জিআর-২৯৬/২০২০। এই মামলায় গ্রেফতার হয়েছেন আব্দুল মালেক ওরফে কেতা মালেক। নুরুল আলম জানান, সে প্রায় মালেক বাহিনীর নানা অপকর্মে বাঁধা দেয়। যার কারণে তার উপর ক্ষিপ্ত মালেক বাহিনী।
মামলার অন্যান্য আসামীরা হলেন- মালেকের সহযোগী মাহমুদুর রহমানের ছেলে মৌলভী মুজিব ওরফে লম্বা মুজিব (৫০), কাটালিয়া মোড়া এলাকার মৃত শফিউল আলমের ছেলে আবু তাহের (৪০), মাইজ পাড়া এলাকার কবির আহমদের ছেলে কলিম উল্লাহ (২৭), মৃত শফিউল আলমের ছেলে মতিউর রহমান (২৫), চৌধুরী পাড়া এলাকার মৃত ফজল আহমদের ছেলে মোঃ মঞ্জুর (২৮), ঘোনার পাড়া এলাকার মনির আহমদের ছেলে ওসমান (২৮), শফিউল আলমের ছেলে শেকু (৩৫), আজহার (২৪), মাইজ পাড়া এলাকার মৃত ফোরকানের ছেলে খোরশেদ (২৩), সাইফুলসহ অজ্ঞাত ৩/৪ জন।
সূত্র মতে, আসামিদের বিরুদ্ধে হত্যা নারী নির্যাতনসহ বিভিন্ন এক ডজনেরও বেশি মামলা রয়েছে। মামলা সমূহ হলো- জিআর ২৮০/১১, জিআর ১৯৬/০২, জিআর ২৩৮/০১, জিআর ১৪৯/১১, জিআর ৭৮/০২, জিআর ৪৭৭/০২, জিআর ২৫৩/০৯, জিআর ৩৫১/০১ জিআর ৫৯৭/১১, জিআর ২৯৬/২০, এসটি ১৯২/০৩ ও এসটি ২৫৫/১৩।
উল্লেখ্য গত বৃহস্পতিবার (৯ জুলােই) রাত ৯ টার দিকে পিএমখালীর চেরাংঘাটা বাজার থেকে কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ উল্লাহর নেতেৃত্বে কেতা মালেককে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির।