বিশেষ প্রতিনিধি:
রক্ষিত বনের ৫ টি বিশাল পাহাড় কেটে দিনে-রাতে তুলে নেয়া হচ্ছে কোটি কোটি ঘনফুট বালি। এসব বালি ১০/১৫ টি ডাম্প ট্রাকে করে দিনে-রাতে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে। এভাবে গত ৬ মাসে একটি এলাকা থেকেই লুট করে নেয়া হয়েছে আনুমানিক ৫ কোটি টাকার বালি। কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলার ঘোনারপাড়া (তেইল্ল্যাকাটা) এলাকায় রক্ষিত বনভূমিতে এমন ধ্বংসযজ্ঞ চললেও প্রশাসনের সংশ্লিষ্টরা এক প্রকার নীরব।
সরেজমিন গিয়ে দেখা গেছে, পিএমখালী-খুরুশকুল এলজিইডি (এক্স মিলিটারি) সড়কের ছনখোলা ঘোনারপাড়া এলাকায় বটগাছতলার পাশ দিয়ে পূর্ব দিকে কাঁচা সরু রাস্তা দিয়ে একের পর এক আসা-যাওয়া করছে বালি ভর্তি ডাম্প ট্রাক। গাড়ি চলাচলের জন্য ওই কাঁচা রাস্তায় দেয়া হয়েছে ইট-পাথরের টুকরো। রাস্তা ধরে আনুমানিক এক কিলোমিটার গিয়ে বিশাল আকাশমনি গাছের বাগান। ওই বাগানের গাছ কেটে করা হয়েছে আরও একটি রাস্তা। সেখানে হাজার হাজার গাছ কেটে ৫/৬ টি পাহাড় কেটে দিনে-রাতে তুলে নেয়া হচ্ছে কোটি কোটি ঘনফুট বালি।
স্থানীয় আবদুল কাদের বলেন, দীর্ঘদিন ধরে এখানে পাহাড় কেটে বালি নিয়ে যাওয়া হয়। কিছুদিন বন্ধ থাকার পর গত ৬/৭ মাস ধরে ১০/১৫ টি ডাম্প ট্রাকে দিনে-রাতে পাহাড় কেটে বালি নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু ভয়ে স্থানীয় কেউ মুখ খোলেনা বলে দাবি করেন তিনি। পাহাড় কাটার এমন ভয়াবহ চিত্র তুলে ধরে প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছেন কক্সবাজার সচেতন নাগরিক আন্দোলনের সদস্য সচিব মোরশেদ আলম।
জানতে চাইলে তিনি বলেন, ‘নিজ চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না কি ভয়ংকর ভাবে পাহাড় কাটা হচ্ছে। যারা পাহাড় কাটছে তারা প্রভাবশালী হওয়ায় ভয়ে স্থানীয় লোকজন প্রকাশ্যে মুখ খোলে না।’ তিনি আরও বলেন, ‘ওবায়দুল করিম, আবদুল্লাহ, মোস্তাক, নাছির উদ্দিন রুনো, আমিন, নাছির, লুৎফর, হারুন সহ ১০/১২ জনের একটি দল বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সাথে যোগসাজশে নির্বিঘ্নে পাহাড় কেটে নিচ্ছে।’
পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’ এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, ‘মৌখিক ও লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাহাড় কেটে বালি পাচারের ভয়াবহ চিত্র দেখা যায়। সেখানে ইতিমধ্যেই আনুমানিক ২০ হাজার গাছ কাটা পড়েছে। আনুমানিক ১০ একর আয়তনে ৫/৬ টি পাহাড় কেটে প্রায় ২ কোটি ঘনফুট বালি পাচার করা হয়েছে। যার মূল্য ৫ কোটি টাকার বেশি।’ বন বিভাগের দিঘীরঘোনা বন বিটের এক কিলোমিটারের মধ্যে রক্ষিত বনের হাজার হাজার গাছ কেটে এভাবে বালি তুলে নেয়ার ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের নির্লিপ্ততায় বিস্ময় প্রকাশ করেন তিনি।
ঘটনার সত্যতা স্বীকার করে দিঘীরঘোনা বন বিট কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ‘আগে সেখানে বন বিভাগের সৃজিত বাগান ছিল। তবে এখন প্রাকৃতিকভাবে সৃষ্ট বাগান রয়েছে। আর সেখানেই পাহাড় কাটার ঘটনা ঘটছে। ইতিপূর্বে কয়েকটি মামলা করা হয়েছে। কিন্তু তাদের ঠেকানো যাচ্ছে না।’
পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক শেখ মোঃ নাজমুল হুদা বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে। সেখানে খুব বাজে ভাবে পাহাড় কাটা হয়েছে। সেখানে নতুন নতুন সিন্ডিকেট পাহাড় কাটায় জড়িত। দ্রুত এ ঘটনায় ব্যবস্থা নেয়া হবে।’
এভাবে পাহাড় কেটে বালি লুটের ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিল্লুর রহমান।