টেকনাফ প্রতিনিধি
রোববার থেকে কক্সবাজারের সেন্টমার্টিনে আটকেপড়া তিন শতাধিক পর্যটক সোমবারও ফিরতে পারেননি। বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় সোমবার (১৮ অক্টোবর) বিকাল ৫টা পর্যন্ত কোনও নৌযান চলাচল না করায় তারা সেখানে আটকরা পড়েন।
সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশন কর্মকর্তা লে. তারেক আহমেদ জানান, সোমবার সকাল থেকে ঝড়োবৃষ্টি থাকলেও বিকালে অবস্থা স্বাভাবিক ছিল। এ কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌ পথে নৌযান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু ট্রলার মাঝিরা বিকাল হয়ে যাওয়ায় কোনও ট্রলার ছাড়েননি। এ নিয়ে একটু হইচই হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করা হয়েছে।
তিনি জানান, সোমবারও পর্যটকদের দ্বীপে থাকতে হচ্ছে। মঙ্গলবার সকালে সব ঠিক থাকলে ফিরতে পারবেন তারা। তবে আমরা এখানে পর্যটকদের খোঁজ-খবর রাখছি, যাতে তাদের কোনও অসুবিধা না হয়।
সেন্টমার্টিন বোট মালিক সমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, সোমবার বিকাল থেকে যাত্রীবাহী ট্রলার চলাচল অনুমতি দিয়েছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কারণ দ্বীপ থেকে একটি ট্রলার টেকনাফ পৌঁছাতে তিন ঘণ্টা লাগে। তার মধ্য সাগরের অবস্থা খারাপ হলে ঝুঁকি থাকে। তাই আজও দ্বীপ থেকে কোনও ট্রলার ছাড়েনি। ফলে ভ্রমণে আসা তিন শতাধিক পর্যটক আটকা পড়েছেন।