টেকনাফ প্রতিনিধি
টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ৭ নভেম্বর রাতে গোপন সংবাদে জানা যায় টেকনাফ ব্যাটালিয়নের আওতাধীন দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম -১০ হতে আনুমানিক ৮০০ গজ পূর্ব দিকে জাদিতলা কামালের জোড়া এলাকা দিয়ে মিয়ানমার হতে একটি ইয়াবার বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে।
উক্ত সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপি’র বিশেষ টহলদল দ্রুত বর্ণিত এলাকায় গমন করে নজু মেম্বারের মাছের প্রজেক্ট ও ঝাউ বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান করেন। পরবর্তীতে টহলদল নাফ নদী পার হয়ে ২জন ব্যক্তিকে একটি ব্যাগ কাঁধে নিয়ে মাছের প্রজেক্টের দিকে আসতে দেখে ।
দেখা মাত্রই টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে দুষ্কৃতিকারীরা দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে বহনকৃত একটি ব্যাগ ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে নাফ নদীতে ডুব সাঁতার দিয়ে শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায় । ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে তল্লাশী করে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবাসহ পলাতক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।