র্যাব সদস্যরা টেকনাফের খয়রাতিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ একজন মাদক কারবারী গ্রেফতার করেছে। ধৃত মাদককারবারী সাবরাং ইউনিয়নের খয়রাতি পাড়া মৃত হাবিবুর রহমানের পুত্র আব্দুল গফুর (৫২)।
র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, র্যাব-১৫ আভিযানিক দলের গোয়েন্দা তৎপরতা ও নজরদারীর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খয়রাতিপাড়া এলাকার জনৈক আব্দুল গফুর এর বসত ঘরের ভিতর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কতিপয় মাদক কারবারী অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে ২১ নভেম্বর সকালে র্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে ঘরে থেকে বেরিয়ে পালানোর চেষ্টাকালে আব্দুল গফুর নামে এক মাদক কারবারীকে আভিযানিক দল গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মাদক কারবারীর দেহ ও বসত ঘর তল্লাশী করে তার বসত ঘরের উত্তর পাশের কক্ষে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা কালো রংয়ের পলি ব্যাগের ভিতর হতে সর্বমোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত আব্দুল গফুর অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবার চালান সংগ্রহপূর্বক নিজের হেফাজতে বসত ঘরসহ বিভিন্ন স্থানে মজুদ করে থাকে। পরবর্তীতে প্রশাসনের গ্রেফতার এড়াতে তার সুবিধামত মজুদকৃত ইয়াবার চালানগুলো বিভিন্ন পন্থা অবলম্বন করে অত্যন্ত কৌশলে স্থানীয় এলকাসহ টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।