বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফের নাফনদী থেকে ৫ কেজি ২৬৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। তবে এসময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাদকের মুল্য ৪১ কোটি টাকা।
বুধবার ১৬ আগস্ট বিকালে বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়ন কমান্ডার (ভারপ্রাপ্ত) কর্নেল মো. জিল্লাল হোসেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘মিয়ানমার থেকে মাদক আসার গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা মঙ্গলবার নাফনদীতে কয়েকটি উপদলে নাফনদীতে কৌশলগত অবস্থান গ্রহণ করেন। এক পর্যায়ে একটি নৌকাকে চ্যালেঞ্জ করলে নৌকায় অবস্থানরত চোরাকারবারীরা বিজিবি’র টহলদলের উপস্থিতি টের পেয়ে নাফনদীতে লাফিয়ে শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
এসময় চোরাকারবারীদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশী করে ৬টি প্লাষ্টিকের ব্যাগে মোড়ানো প্যাকেট উদ্ধার করে টহলদল। পরে প্যাকেটের ভিতর থেকে ৫ কেজি ২৬৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। চোরাকারবারীদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও চোরাচালান রোধে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি কাজ করে আসছে’।
বড় বড় মাদকের চালান আটকের সময় আসামী না থাকার প্রশ্নে তিনি বলেন, ‘বিজিবির অবস্থান টের পেলে পাচারকারী দল সৌ-কৌশলে শূণ্য লাইন অতিক্রম করে মিয়ানমার অভ্যন্তরে চলে যাওয়ার ফলে আটক করা সম্ভব হচ্ছেনা। তবে মিয়ানমারের সংশ্লিষ্টদের সাথে কথা বলে যৌথ অভিযানের চেষ্টা অব্যাহত রয়েছে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবি’।
প্রেস ব্রিফিংকালে রামু সেক্টর কমান্ডার কর্ণেল মো. মেহেদী হোসাইন কবীর ও টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।