র্যাব-১৫ সদস্যরা টেকনাফের মৌলভীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে আটক করেছে। আটককৃত মাদককারবারী টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মৌলভীপাড়া এলাকার মো. ছলিম উল্লাহর ছেলে ইয়াসিন মোল্লা (২২)।
১৩ আগস্ট র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে জানান, ১২ আগস্ট রাতে র্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডস্থ মৌলভীপাড়ার এলাকার জনৈক আব্দুর রহমানের খামার বাড়ির সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবাসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে ইয়াসিন মোল্লা নামে একজন মাদক কারবারীকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ধৃত ব্যক্তির কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং দুইটি মোবাইল জব্দ করা হয়। র্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই একজন মাদক কারবারী পালিয়ে যায় মর্মে ধৃত ব্যক্তির কাছ থেকে জানা যায়।
ধৃত মাদক কারবারীকে জিজ্ঞাসাবাদে জানা যায় পলাতক আসামী তার আপন বড় ভাই এবং তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। ধৃত ও পলাতক মাদক কারবারীদের পরস্পর যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নিজের হেফাজতে রেখে টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ আটক ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।