টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ঘিলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় তৈরী ধারালো অস্ত্রসহ মো. রায়হান নামে একজন ছিনতাইকারীকে র্যাব-১৫ সদস্যরা গ্রেফতার করেছে। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি আর-১৫ মোটর সাইকেল জব্দ করা হয়। ধৃত ছিনতাইকরী মো. রায়হান হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্চরপাড়া গ্রামের মোস্তাক আহমদের পুত্র।
র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী রাত ১০টায় জানান, টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ঘিলাতলা এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পার্শ্বস্থ পাকা রাস্তার উপর কতিপয় দুষ্কৃতিকারী ছিনতাই/চুরি কিংবা অন্য কোন অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে দেশীয় তৈরী অস্ত্রসহ অবস্থান করার গোপন তথ্যের ভিত্তিতে ৫ জানুয়ারী ভোর রাতে র্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনার সময় দেশীয় অস্ত্র-শস্ত্রসহ পলায়নের চেষ্টাকালে মো রায়হান (২১) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ছিনতাইকারীর হেফাজত হতে ১টি কাঠের বাটযুক্ত ছুরি এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি আর-১৫ মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ছিনতাইকারী তার নাম-ঠিকানা প্রকাশসহ নিজেকে ছিনতাইকারী বলে স্বীকার করে। সে পেশাদার ছিনতাইকারী এবং অস্ত্র-ছুরি রেখে কক্সবাজারের বিভিন্ন এলাকায় পর্যটক এবং বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজনকে ভয়-ভীতি প্রদর্শন আঘাতের মাধ্যমে ছিনতাই/চুরিসহ নানা অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল মর্মে জিজ্ঞাসাবাদে জানা যায়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ছিনতাইকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।