ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ফরাজীপাড়া গ্রামের ৭ বসতবাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।
রবিবার (৮ মে) দুপুর আড়াইটায় জালালাবাদ-ফরাজীপাড়া সড়কের মনজুর মৌলভীর দোকান পয়েন্টের দক্ষিণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মৃত কবির আহমদের ঘরের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য নুরুল আলম ও প্রত্যক্ষদর্শীরা।
আগুনে মৃত আবদুল গনির পুত্র কবির আহমদ মৃত আবু শামার ছেলে আবুবকর, শামশুল আলমের ছেলে সাইফুল ইসলাম, কবির আহমদের ছেলে নুরুল হুদা এবং মৃত আবদুছ ছোবহানের ছেলে আলী আহমদের বাড়ি আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আংশিকভাবে ভস্মীভূত হয়েছে বিধবা জোছনা আক্তার এবং নজির আহমদের পুত্র শাহজাহানের বাড়ি।
স্থানীয় সংবাদকর্মী আতিকুর রহমান মানিক জানান, আগুন লাগার সাথে সাথে সজোরে প্রবাহমান উত্তরা বাতাসের কারণে মাত্র ১০ মিনিটের মধ্যেই বাড়িগুলো আগুনে পুড়ে ভস্মীভূত হয়। স্থানীয়দের সহায়তায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সংবাদ পেয়ে ঘটনার কিছুক্ষণের মধ্যেই রামু থেকে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছে এবং আগুন নেভানোর কাজ শুরু করে।
রামু দমকল বাহিনীর স্টেশন অফিসার সোমেন বড়ুয়া বলেন, বর্তমানে আমরা আগুন নির্বাপনের কাজে আছি। নির্বাপন কাজ শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হবে। ক্ষতিগ্রস্ত এবং স্থানীয়দের মতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৮০ লক্ষাধিক টাকার মত হবে। ক্ষতিগ্রস্তরা বর্তমানে খোলা আকাশের নীচে বসবাস করছে।
জালালাবাদের ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নেভানোর কাজ তদারকি করছিলেন। তিনি জানান, ক্ষতিগ্রস্থদের পুণবার্সনে জরুরি পদক্ষেপ গ্রহণ করা হবে। আগুন লাগার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও তিনি জানান।
অগ্নিকাণ্ডের কারণে এ রিপোর্ট লিখা পর্যন্ত জালালাবাদ ফরাজীপাড়া সড়কে সব ধরনের যান-চলাচল বন্ধ ছিল।