নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকত থেকে অজ্ঞাতপরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সমুদ্র সৈকতের রামু উপজেলার দরিয়ানগর পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হিমছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) হিমেল রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতের বয়স আনুমানিক ২৩ থেকে ২৪ বছর বলে জানিয়েছে পুলিশ। তবে তার নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেনি।
পুলিশ পরিদর্শক হিমেল বলেন, মঙ্গলবার দুপুরে সমুদ্র সৈকতের রামু উপজেলায় সাগর থেকে ভেসে আসা এক ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। তিনি জিন্স প্যান্ট ও শীতের জ্যাকেট পরা ছিলেন। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার ভোর রাতের যে কোনো সময়ে তার মৃত্যু হয়েছে।
তিনি বলেন, ‘এটি নিছক কোনো দুর্ঘটনা নাকি হত্যাকান্ড এ ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য নেই। ঘটনার রহস্য জানতে পুলিশ খোঁজখবর নিচ্ছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।