নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্যখাতকে আরো উন্নত ও গতিশীল করতে জাতীয় শোক দিবস উপলক্ষে সেবা সপ্তাহ চালু করেছে কক্সবাজার সদর হাসপাতাল। সোমবার (৮ আগস্ট) সকালে হাসপাতালে ফিতা কেটে সেবা সপ্তাহ উদ্বোধন করেন কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মো. মোমিনুর রহমান। এসময় সহকারী পরিচালক ডাক্তার মোহামদুল হক, গাইনি বিভাগের কনসালটেন্ট ডাক্তার ইফফাত সানিয়া, আবাসিক মেডিকেল অফিসার (প্রশাসন) ডাক্তার ফজলুল করিম, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আশিকুর রহমান, আবাসিক ফিজিসিয়ান (আরএফ) ডাক্তার মো. সাইফুল্লাহ উপস্থিত ছিলেন। ৮ আগস্ট থেকে ১৫ আস্ট পর্যন্ত মোট আট দিন এই স্বাস্থ্য সেবা সপ্তাহ চলমান থাকবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
গত ৩১ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক অধ্যাপক ডাক্তার বাসার মোহাম্মদ খুরশীদ আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ৮ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সেবা সপ্তাহ পালন করা হবে। শুধু জেলা হাসপাতাল নয় উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্স, মেডিকেল কলেজ হাসপাতাল,বিশেষায়িত হাসপাতালগুলো এই সেবা সপ্তাহ পালন করার জন্য বলা হয়।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আশিকুর রহমান জানান, ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের চিঠির প্রেক্ষিতে সোমবার থেকে সেবা সপ্তাহ চালু হয়েছে হাসপাতালে। সেবা সপ্তাহে বিশেষ কর্মসূচী রয়েছে, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, প্রতিদিন বর্হিবিভাগে বিশেষজ্ঞ পরামর্শ , বিশেষ অপারেশন কর্মসূচী, রক্তদান কর্মসূচী, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ সেবা, ভায়া টেষ্ট, প্রসূতিপূর্ব ও প্রসব পরবর্তী সেবা, নারী ও বয়স্ক রোগীদের জন্য বিশেষ সেবা, এনসিডি সেবা বা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রোগিদের জন্য বিশেষ সেবা প্রদান করা হচ্ছে। আরেকটি বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করেছে হাসপাতালে, তা হলো হৃদরোগ বিভাগে ইটিটি পরীক্ষা। সেবাটি এই সপ্তাহে চালু করা হবে। এটি জেলার হৃদরোগ রোগীদের জন্য ভোগান্তি কমাবে যা সরকারিভাবে প্রথম উদ্যোগ গ্রহণ করা হয়েছে।