নিজস্ব প্রতিবেদক:
কূলে ফেরার পথে বঙ্গোপসাগরে পৃথকভাবে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় কোস্টগার্ড ও স্থানীয়রা ২৬ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে। এখনো ১১ জন জেলে নিখোঁজ রয়েছে।
জেলেরা জানিয়েছেন, গত মঙ্গলবার এফবি মায়ের দোয়া নামে একটি ট্রলার সাগরে মাছ ধরতে যায়। ওই ট্রলারে ১৮ জন জেলে ছিলেন। পরে সাগরে বৈরী আবহাওয়া বিরাজ করায় তারা কূলে ফিরে আসছিলেন। এসময় শহরের ডায়বেটিস পয়েন্ট থেকে প্রায় ৪ নটিক্যাল মাইল দূরে ঢেউয়ের ধাকায় ট্রলারটি ডুবে যায়। পরে কোস্টগার্ড ও অন্যান্য ট্রলারগুলো ৭ জন জেলেকে উদ্ধার করলেও বাকিরা এখনো নিখোঁজ রয়েছেন। ওই ট্রলারটির মালিক কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের জাকির হোসেন। ট্রলারের সব জেলেই খুরুশকুলের বাসিন্দা।
ট্রলার মালিক জাকির হোসেনের বড় ভাই জামাল হোসেন বলেন, সাগর থেকে ফেরার পথে সাগর উত্তালের কারণে জাকির হোসেনের এফবি মায়ের দোয়া ফিশিং ট্রলারটি ডুবে যায়। এতে ৭ জনের খোঁজ পেলেও এখন পর্যন্ত ১১ জন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম বলেন, বঙ্গোপসাগরে একটি ট্রলার ডুবে গেছে বলে আমরা খবর পেয়েছি। আমাদের একটি টিম কোস্টগার্ডের সাথে সেখানে কাজ করছে।
অপর দিকে ঢেউয়ের আঘাতে কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের অলী পাড়া ১নং ওয়ার্ডের আল্লাহর দান নামে একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। এসময় ট্রলারে থাকা ১৯ জন জেলেকে অন্য একটি ট্রলারের জেলেরা সাগর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে। গতকাল শুক্রবার বিকালে উদ্ধার হওয়া জেলেরা আকবর বলী জেটি ঘাটে ফিরে এসে এ তথ্য জানান।
ট্রলারের মালিক কলিম উল্লাহ জানান, কুতুবদিয়া থেকে প্রায় ৬ ঘন্টার পথে এবং গুলি ধারার বাহিরে গভীর সমুদ্রে জেলেরা জাল ফেলে অবস্থান করছিল। রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ করে সাগরে প্রচন্ড ঢেউ শুরু হয়। ঢেউয়ের আঘাতে তলা ফেটে মুহূতেই ডুবে যায় ট্রলারটি। এ সময় ট্রলারে থাকা ১৯ জন জেলে বয়া ধরে সাগরে ভাসতে থাকে। পরে, কাছাকাছি অবস্থানকারী কুতুবদিয়ার আকবর বলী ঘাটের জসিম উদ্দিনের একটি ট্রলারের জেলেরা এগিয়ে এসে ভাসমান জেলেদের উদ্ধার করে। ট্রলার, জাল, মাছ ও অন্যান্য মালামালসহ প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।