ইমতিয়াজ শরীফ সাঈদী (১৮)। কক্সবাজারের ঈদগাঁও ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস এলাকার প্রবাসী মনজুর আলমের বড় ছেলে। গত ৫ ফেব্রুয়ারি নিজ এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ ফেব্রুয়ারি মারা যান। দূর্ঘটনার মাস তিনেক পূর্বে তার প্রবাসী চাচা মনছুর আলম শখের এ মোটরসাইকেলটি ক্রয় করে দেন ভাতিজাকে। সেই শখের মোটরসাইকেলে টগবগে কিশোর ইমতিয়াজের প্রাণ গেলো।
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড রুমালিয়াছড়ার মৃত হারুনুর রশিদের পুত্র মামুনুর রশীদ (২২)। গত ৩ ফেব্রুয়ারি বন্ধুকে নিয়ে মোটরবাইকে বেড়ানোর জন্য বেরিয়েছিলেন। পথিমধ্যে ইনানী মেরিন ড্রাইভ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই প্রাণ ঝরে যায় মামুনুর রশীদের। এ সময় গুরুতর আহত হয় তার সাথে থাকা অপর বন্ধুও। শখ করে কেনা এই বাইকে প্রাণ হারান মামুন।
শখ-সৌখিনতা ছাপিয়ে বাহন হিসেবে মোটরসাইকেল এখন অনেকেরই নিত্যসঙ্গী। তবে বর্তমান সময়ে মোটরসাইকেল দুর্ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলছে। কক্সবাজারের বিভিন্ন প্রান্তে প্রতিদিন তরুণরা মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে।
কক্সবাজার পিপলস্ ফোরামের সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন- মোটর সাইকেল দুর্ঘটনার পেছনে রয়েছে নিয়ম ভাঙার প্রবণতা যেমন আছে, তেমনি রয়েছে সঠিক নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি। আর মোটরসাইকেল ভিকটিমদের বেশিরভাগই তরুণ, যাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
তিনি বলছেন, মোটর সাইকেল দুর্ঘটনা পেছনে কতগুলো কারণ রয়েছে। সেগুলো হলো- অদক্ষ চালক, বেপরোয়া গতি, ওভারটেকিংয়ের চেষ্টা, বারবার লেন পরিবর্তন করা, ট্রাফিক আইন না মানা, চলন্ত অবস্থায় মুঠোফোনে কথা বলা, হেমলেট ব্যবহার না করা কিংবা নি¤œমানের হেমলেট ব্যবহার করায় সড়ক দুর্ঘটনা ও মৃত্যু বাড়ছে।
ইমতিয়াজ শরীফ সাঈদী ও মামুনুর রশীদ নন শুধু। তাদের মতো আরও অর্ধশতাধিক তরুণ রয়েছে যারা গত তিন বছরে প্রাণ হারিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়- ২০২১ সালে মেরিন ড্রাইভ সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্র কফিল উদ্দিন রিফাত ও অপরজন আসিফ চৌধুরী নিহত হন। ২০২২ সালে ২২ জানুয়ারি চকরিয়ায় চোয়ারফাঁড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় রেজাউল করিম (৩০) নামের এক বাইক আরোহী নিহত হয়েছেন। ২০২১ সালের ১৮ মার্চ রামুতে যাত্রীবাহী মিনিবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রহমত উল্লাহ নামে এক বাইক আরোহী যুবক নিহত হয়েছেন।
২০২১ সালে ২৭ ফেব্রুয়ারি চকরিয়া বানিয়ারছড়াস্থ আমতলীয় পিকআপ গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী ছোটন (২২) শামসুল আলম (২০) প্রাণ হারায়। ২০২২ সালে ২০ জুলাই কলাতলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তাসিন ফরহাদ (১৮) নামে এক সঙ্গীতশিল্পী নিহত হয়েছেন। ২০২১ সালে মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র মো. সাহেল প্রাণ হারান। ২০২২ সালে ১৪ সেপ্টেম্বর চকরিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তরুণ চিত্রগ্রাহক জাহিদ হোসাইন (৩৫) প্রাণ হারান। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি ঈদগাঁও চাঁদের ঘোনা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. আজিম এবং দেলোয়ার হোসেন সাঈদী প্রাণ হারান। তারা দুইজনে বাইকে ছিলেন।
এবিষয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার সভাপতি মো. জসিম উদ্দিন কিশোর বলেন- প্রথমত স্কুল-কলেজের ছাত্রদের শখের বসে পরিবার থেকে বাইক কিনে না দেওয়ার প্রতি কঠোর হতে হবে। তাদের নিরুৎসাহিত করতে হবে। যদি চালানো প্রয়োজন হয়-তাহলে সঠিক নিয়ম মেনেই চালানোর উৎসাহ দেয়া দরকার। এছাড়া মহাসড়কে বাইক চালানোর বিষয়ে সংশ্লিষ্ট পুলিশকে আইনের প্রতি আরো কঠোর হওয়া প্রয়োজন।
কক্সবাজারের পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলাম বলেন- কিছুদিন আগেও ট্রাফিক সচেতনতার পক্ষে ‘সুন্দর করে গাড়ি চালান, জরিমানা এড়িয়ে চলুন’ এই শ্লোগানে সচেতনতামূলক প্রচারনাও চালানো হয়। বেশকিছু মোটরসাইকেলে লাগানো হয় স্টিকার। এরপরও যদি ট্রাফিক আইন অমান্য করলে শাস্তি অনিবার্য। এ বিষয়ে কঠোর নজরদারি করা হবে।