নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরে পুরনো মসজিদ ভাঙ্গার কাজ করতে গিয়ে ইমরুল কায়েস নামে এক ভাঙ্গারি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে শহরের নুনিয়াছড়ায় এ ঘটনা ঘটে। তিনি সদরের পিএমখালী ইউনিয়নের পরানিয়া পাড়ার নজির আহম্মদের ছেলে।
নিহত শ্রমিকের সহযোগী মো. ইউসুফ জানান, শহরের নুনিয়াছড়ার পুরনো মসজিদটি ভেঙ্গে নতুন করে ভবন নির্মাণের উদ্যোগ নেয় মসজিদ কমিটি। এ জন্য তাদের মসজিদ ভাঙ্গার দায়িত্ব দেয়া হয়। নিহত ইমরুল কায়েসসহ তারা মসজিদের ছাদ ভাঙ্গার কাজ করছিলেন। ওই সময় হঠাৎ মসজিদের মিনারটি ভেঙ্গে পড়ে। এতে গুরুতর আহত হন ইমরুল কায়েস। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।