এম.এ আজিজ রাসেল:
করোনাভাইরাস পরিস্থিতিতে ভুতুড়ে বিদ্যু বিল নিয়ে বিপাকে পড়েছেন হাজার হাজার গ্রাহক। মিটার ও রিডিং না দেখে বিদ্যুৎ বিল তৈরি করা হয়েছে বলে অভিযোগ গ্রাহকদের। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। এ সমস্যা সমাধান করে সঠিক বিল করার দাবি ভুক্তভোগীদের।
বিল নিয়ে সব চেয়ে বেশি অভিযোগ পল্লী বিদুৎ সমিতির গ্রাহকদের। শত শত গ্রাহক তাদের আগের মাসের বিল ও বর্তমান মাসের বিলের টাকার পার্থক্য জানিয়েছেন। দুই মাস আগেও যাদের ২০০ থেকে ৫০০ টাকা বিল এসেছে চলতি মাসে তাদের ৪০০ থেকে দুই হাজার টাকা বিল এসেছে।
খোঁজ নিয়ে জানা যায়, কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের আওতায় ৯০ হাজার গ্রাহক রয়েছে। পল্লী বিদ্যুৎ বিভাগের আওতায় বিভিন্ন উপজেলায় গ্রাহক রয়েছে আরও বেশি। এই পরিস্থিতিতে ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে পড়েছেন হাজার হাজার গ্রাহক। বিল নিয়ে সব চয়ে বেশি বিপাকে পড়েছেন কর্মহীন ঘরবন্দি স্বল্পআয়ের মানুষ।
গ্রাহকদের অভিযোগ, মার্চ থেকে জুন পর্যন্ত যেনতেন বিল আসছে। জুনে বিল সঠিক আসার কথা থাকলেও হয়েছে তার উল্টো। মিটার ও রিডার না দেখে বিদ্যুৎ অফিসে বসে বিল তৈরি করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। যে কারণে দুই থেকে তিন গুণ বেশি বিল দিতে হচ্ছে। করোনায় আয়-রোজগার না থাকায় বাড়তি বিল দিতে হিমশিম খাচ্ছে নিম্নআয়ের মানুষ। প্রতিদিন বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রে দীর্ঘ লাইন দিচ্ছেন ভুক্তভোগীরা। সেখানেও হয়রানির শিকার হন তারা।
শহরের টেকপাড়া এলাকা গ্রাহক রিয়াদ আল মামুন জানান, তার বাড়িটি যৌথ পরিবারের। আগে তার বাড়ির বিল আসত ২ থেকে ৩ হাজার টাকা। কিন্তু এখন বিল আসছে ৫ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত। মিটারের সাথে বিলের মিল নেই। বিষয়টি বিদ্যুৎ অফিসে বলার পরও কোন সুরাহা মিলছে না।
বাহারছড়া এলাকার একজন গ্রাহক জানান, তার বাড়িটি দুই রুমের। শুধু ২টি লাইট, ২টি ফ্যান, ১টি ফ্রিজ ও ১টি পানির মোটর রয়েছে। মার্চের আগে তার বাড়ির প্রতিমাসে বিদ্যুৎ বিল আসত ৩০০-৭০০ টাকা। আর এখন বিল আসছে ১৫০০-২০০০ টাকা। যা অযৌক্তিক।
বাংলাবাজার এলাকার গ্রাহক আজিম জানান, এখানে পল্লী বিদ্যুৎ অফিস বেশি হয়রানী করছে। বিলের সাথে মিটারের সম্পর্ক নেই। ইচ্ছে মতো তৈরি করছে বিল। এর প্রতিবাদ করলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।
কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের গণি ভয়েসওয়ার্ল্ডকে বলেন, কোনো গ্রাহকের তার ব্যবহারের বিদ্যুৎ বিলের এক পয়সাও বেশি নেয়া হবেনা। এই বিষয়ে আমরা বদ্ধপরিকর।
করোনা ভাইরাসের কারণে বিদ্যুৎ কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মিটার দেখতে পারেননি। এই মাস থেকে কর্মীরা বাড়ি গিয়ে মিটার দেখা শুরু করেছে। জুলাই থেকে বিল আর হেরফের হবে না। বিষয়টি একটু মানিয়ে নিতে তিনি গ্রাহকদের অনুরোধ জানান।
তিনি আরও বলেন, ৩ মাস আগে বেড়েছে বিদ্যুৎ বিল। শীতকালের তুলনায় গ্রীষ্মকালে বিল বেশি আসা স্বাভাবিক। তাছাড়া বিল আসলে মিটারের সাথে আগে মিলিয়ে দেখতে হবে। রিডিংয়ের সাথে মিল না থাকলে অফিসে এসে জানাবে। মিটার না দেখে অভিযোগ করা যৌক্তিক না।
উল্লেখ্য: করোনাভাইরাস সংকটের মধ্যে গ্রাহকের হাতে বিদ্যুতের অতিরিক্ত বিল ধরিয়ে দেওয়ার ঘটনায় দায়ী ২৯০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিতরণ কোম্পানিগুলো।
বাংলাদেশ সময় ১৯৩১ ঘণ্টা, ৮ জুলাই ২০২০
আআর/আএন