টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে তিনটি অস্ত্র, ১৫ রাউন্ড গুলি, ৭ রাউন্ড তাজা কার্তুজ, তিন হাজার পিস ইয়াবা ও ৩৭ হাজার নগদ টাকা উদ্ধার করেছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) ভোররাত ১ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়াপাড়া এলাকায় টেকনাফে ডিএনসি-র্যাব একাধিক যৌথ অভিযান পরিচালনা করে এসব উদ্ধার করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফার নের্তৃত্বে অধিদপ্তরের ১৬ জন সদস্য ও র্যাব-১৫ সিপিসি টেকনাফের ৬ জন সদস্যের সহযোগীতায় যৌথ কমান্ড গঠন করে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যং সাতঘরিয়া পাড়া এলাকায় একাধিক অভিযান পরিচালিত হয়।
অভিযানে অস্ত্র, ইয়াবা, গুলি ও নগদ টাকাসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন স্থানীয় মৃত সৈয়দুল আমিনের ছেলে শাহনেওয়াজ (২০), নুর বশরের ছেলে আবুল বশর (২৯) ও আলী করিমের স্ত্রী খালেদা খানম (৩৮)।
ডিএনসি সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফার বলেন, উদ্ধার হওয়া ৩ হাজার পিস ইয়াবা, ৩ টা অস্ত্র (১ টা নাইন এমএম, ১টা শর্টগান, ১টা ওয়ানশুটার), ৭ রাউন্ড কার্তুজ, ১৫ রাউন্ড তাজা গুলি, ৩৭ হাজার টাকা, ৩ টা মোবাইল গুলোসহ আটককৃতদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।