আরফাতুল মজিদ:
ছোটখাটো অপরাধ থেকে শীর্ষ পর্যায়ে চলে গেছে কক্সবাজার শহরের অনেক অপরাধী। ছিনতাইকারী থেকে হয়েছে ইয়াবা কারবারিও। অপরাধ জগতে গড়ে তুলেছেন সাম্রাজ্য।
অপরাধের পাল্লা ভারী হওয়ায় আত্মগোপনে থেকে কেউ কেউ অপরাধ কর্মকান্ড চালিয়ে গেলেও অনেকে সমাজে ‘ভালো’ মানুষ হিসেবে প্রতিষ্ঠা পেতে নানা কৌশল অবলম্বন করছেন। এরমধ্যে কোন কোন ইয়াবা ব্যবসায়ী কৃষি ও প্রাণী সম্পদ উদ্যোক্তা, আবার কেউ সামাজিক সংগঠন চালু করে কথিত মানবিক ব্যক্তি হওয়ার চেষ্টা করছেন। অনেকে আবার বৈধ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলে সম্পদের আয়-অর্জনের ব্যবধান ঘুচানোর ধান্ধায় মেতে উঠেছেন। কিন্তু এতসব আয়োজনেও কি রেহায় মিলবে?
কক্সবাজার জেলা পুলিশ বিশেষ করে সদর মডেল থানা এসব অপরাধীদের চিহ্নিত করেছে। ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। ডিসেম্বর নাগাদ বেশ পরিসরে রেজাল্ট মানুষ দেখবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জানা গেছে, দ্রুত সময়ে এসব অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ। কক্সবাজার শহরের শীর্ষ অপরাধীদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। টপ লিস্টরে ওই তালিকায় ৭৫ জনের নাম উঠে এসেছে। ৭৫ জনের বাইরেও শতাধিক অপরাধীকে চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে রয়েছে ছাত্রদল ও ছাত্রলীগের বেশ কয়েকজন চিহ্নিত নেতাকর্মী। রয়েছে পুলিশ হত্যা মামলার আসামী। তবে তালিকায় শীর্ষ রয়েছে মাদক কারবারিরা। এসব মাদক কারবারিদের বেশিরভাগই কথিত সামাজিক সংগঠনের আড়ালে আশ্রয় নিয়েছে।
সূত্রে জানা গেছে, কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া, তারাবনিয়ারছড়া, বাচাঁ মিয়ার ঘোনা, সমিতি বাজার, মাটিয়ার তলী, বিজিবি ক্যাম্প, বাস টার্মিনাল, কলাতলী, শহরের ঘোনার পাড়া, পাহাড়তলী, টেকপাড়া, বৈদ্যঘোনা, বাদশা ঘোনা, ফাতের ঘোনা ও মোহাজের পাড়াসহ শহরের অর্ধশত এলাকায় রয়েছে তিন শতাধিক চিহ্নিত অপরাধী। এরমধ্যে রয়েছে ছিনতাইকারী, সন্ত্রাসী, অস্ত্রবাজ, ডাকাত ও ইয়াবা কারবারিসহ নানা অপরাধী। কক্সবাজার সদর থানা পুলিশের কাছে এসব অপরাধীরা রয়েছে নজরদারীতে। এরইমধ্যে টপে রয়েছে ৭৫ জন অপরাধী। আগামীতে তাদের পরিনতিও হবে ভয়ঙ্কর।
শহরে অভিযানের বিষয়ে কক্সবাজার সদর থানার ওসি অপারেশন মাসুম খান বলেন, কোন ছিনতাইকারী, সন্ত্রাসী, মাদক কারবারি ও অস্ত্রবাজদের রেহায় দেওয়া হবে। মাদকের বিষয়টি শূণ্য কোটায় নিয়ে আসতে কাজ করছে পুলিশ। ইতিমধ্যে অনেক মাদক কারবারিসহ বহু অপরাধীকে আটক করা হয়েছে। পুলিশের সাথে গোলাগুলিতে নিহত হয়েছে অনেক অপরাধীও।
মাসুম খান বলেন, অনেক চিহ্নিত অপরাধী ইতিমধ্যে ভালো হয়ে গেছে। অপরাধের শাস্তি পাওয়ার পর ভালোর পথ বেচে নিয়েছে এই শহরের অনেক তালিকাভুক্ত সন্ত্রাসী। যারা ভালোর পথে আসেনি তাদের অবস্থা সামনে ভালোর দিকে নয়।
শহরের ক্রাইমজোন রুমালিয়ারছড়ার বিষয়ে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন বলেন, দক্ষিণ রুমালিয়ারছড়ার পাহাড়ি এলাকায় বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি রয়েছে। দুর্গম এলাকা হওয়ায় তাদের ধরতেও কষ্ট হয়। এমনকি জেল কারাগারের পিছনে মাটিয়ার তলী এলাকায় এসব অপরাধীদের অবস্থান। ওই এলাকার অনেক মহিলা এসব অপরাধীদের আশ্রয় দিয়ে থাকে নিয়মিত। তারপরও চেষ্টা রয়েছে তাদের আইনের আওতায় আনতে। কয়েকজনকে ইতিমধ্যে আটকও করা হয়েছে।
অপরাধীদের বিষয়ে কক্সবাজার সদর থানার ওসি শাহজাহান কবির বলেন, কক্সবাজার শহরে কয়েকশ অপরাধী রয়েছে। ইতিমধ্যে অনেকজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। শুধমাত্র দুইমাসে (২০১৯ সালের নভেম্বর-ডিসেম্বর) শহর থেকে প্রায় ১১৩ জন অপরাধীকে আটক করা হয়েছিল। এসব অপরাধীদের ছবিসহ সব ডকুমেন্ট জমা রয়েছে সদর থানায়।
ওসি বলেন, আটক অনেক অপরাধী জামিন নিয়ে বের হয়ে ফের অপরাধে জড়িত পড়ছে। জামিন নিয়ে ফের ছিনতাই কাজে সরাসরি জড়িত থাকার দায়ে কয়েকজনকেও আটক করা হয়েছে। ডকুমেন্ট জমা রাখার কারণে সহজেই পার পাচ্ছে না কোনো অপরাধী। সদর থানা পুলিশ সবসময় সজাগ রয়েছে অপরাধীদের ধরতে।
এদিকে পুলিশের একটি সূত্রে জানা গেছে, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। ইতিমধ্যে ছিনতাইকারী ও ইয়াবা কারবারে জড়িতদের সবধরণের তথ্যও রয়েছে। এরমধ্যে শহরে টপ লিষ্টে রয়েছে ৭৫ জন অপরাধীর নাম।
এবিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবিদুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, “শুধু মাদক ব্যবসায়ী নয়, মাদকসেবী, খুচরা ব্যবসায়ী, মাদকের প্রতি আগ্রহী ব্যক্তি, পরোক্ষভাবে মাদকের সুবিধাভোগী এবং মাদকের সাথে বিন্দু মাত্র সংশ্লিষ্ট ব্যক্তিসহ তদবিরকারী ব্যক্তিদের সামনে ভয়াবহ দিন আসছে। যেভাবেই হোক কক্সবাজার মুক্ত করা হবে।”
বাংলাদেশ সময় ১৯০২ ঘণ্টা, ২২ জুলােই ২০২০
আএন